দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় মনোনয়নপত্র বাতিল ও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় গতকাল ১৫টি আসনে একজন করে প্রার্থী রয়েছেন। এ নিয়ে একক প্রার্থীর আসনসংখ্যা দাঁড়াল ৩৩টিতে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল না করলে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাইন বিল্লাহর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একক প্রার্থী হলেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন। এই আসনে কেউ মনোনয়নপত্র জমা দেননি।
চট্টগ্রাম: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও ইসলামী ফ্রন্টের সৈয়দ রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল করায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ভোলা: ভোলার চারটি আসনে ২ ডিসেম্বর আটটি মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে যাচাই-বাছাই শেষে ভোলা-১ (ভোলা সদর) আসনে মাত্র একজন প্রার্থী আছেন। তিনি হলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
রাজশাহী: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি হওয়ায় জাপার প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল এবং ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আবু ইউসুফ সেলিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
সিরাজগঞ্জ: জাতীয় পার্টির মো. জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে একমাত্র প্রার্থী থাকলেন আওয়ামী লীগের মো. ইসাহাক হোসেন তালুকদার।
ফেনী: ফেনী-২ আসনে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁরই শিষ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাংসদ নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
নাটোর: নাটোর-৩ আসনে গতকাল ওয়ার্কার্স পার্টির প্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল এবং জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় এই আসনে আওয়ামী লীগের সাংসদ জুনাইদ আহমেদ একক প্রার্থী।
ফরিদপুর: ফরিদপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. কামরুজ্জামান মৃধার মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান এবং ফরিদপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম ইয়াহিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় শ্রম ও কর্মসংস্থাপন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।
নোয়াখালী: নোয়াখালী-৫ আসনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী মোরশেদ আলম একক প্রার্থী।
গাজীপুর: গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল একক প্রার্থী।
নারায়ণগঞ্জ: বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে হান্নান মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। ফলে দুই আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হলেন যথাক্রমে শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু।
পিরোজপুর: পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের দুই প্রার্থী জাতীয় পার্টির (জেপি) নজরুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাইদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে আওয়ামী লীগের এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) একক প্রার্থী হিসেবে মাঠে থাকলেন।