আরও ১৫ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জের কামারখন্দের পর শাহজাদপুরে আবার নতুন করে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে আজ মঙ্গলবার দু জনকে শনাক্ত করা হয়েছে। চার দিন আগে নয়জন রোগীকে শনাক্ত করা হয়।
আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার কৈজুরী গ্রামের মোজাম্মেল (৫০), বিউটি বেগম (৩২), পূর্ব চরকৈজুরী গ্রামের আজিম প্রাং (৪৮), নাজমা (৩৫), জাফর আলী (৩২), পারুল (১৬), উজ্জল (১০), জহির প্রাং (২৭), মহির প্রাং (৩০), তাহের আলী (৪০) ও হাফিজুল ইসলাম (১৩)।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাফরুল হোসেন বলেন, গত ৩০ এপ্রিল চর কৈজুরী গ্রামের আবুসামা প্রামাণিকের একটি অসুস্থ গরু জবাই করে তাঁরা মাংস ভাগাভাগি করে নেন। এই মাংস কাটা ও ধোয়ার কাজে জড়িত ব্যক্তিদের শরীরে ৭ মে থেকে ছোট ছোট ঘায়ের সৃষ্টি হয়। পরে তাঁদের হাসপাতাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকেন্দ্রের (আইইডিসিআর) কর্মকর্তা ফারহানা হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে রোগটি অ্যানথ্রাক্স বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, ওই ব্যক্তির একটি গরু অসুস্থ হয়ে মারা যায়। অন্যটি অসুস্থ হলে তাঁরা জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। এই মাংস কাটাকাটির সঙ্গে এবং রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য অসুস্থ গরুকে জবাই না করা ও মারা যাওয়া গরু মাটিতে পুঁতে রাখার জন্য বলা হচ্ছে। যেকোনো বিষয়ে প্রাণিসম্পদ কার্যালয়ে খবর দেওয়ার জন্য অনুরোধ করে এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য গবাদিপশুকে অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক ইনজেকশন দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শহিদ মো. সাদিকুল ইসলাম বলেন, এলাকায় আরও রোগী আছে কি না, এ জন্য তিনটি দল কাজ করছে। তবে এটি ছোঁয়াচে কোনো রোগ নয় বিধায় চিন্তার কারণ নেই। আক্রান্ত ব্যক্তিরা এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবেন।
৬ মে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে ২১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়।