আরও ১৬ আসামি জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হওয়ার মামলার আসামিরা একে একে জামিনে বেরিয়ে আসছেন। গতকাল বুধবার আরও ১৬ আসামি জামিনে বেরিয়ে এসেছেন। উচ্চ আদালত থেকে গত ১৬ সেপ্টেম্বর ওই আসামিরা জামিনের আদেশ পান। গতকাল চট্টগ্রাম কারাগারে জামিনের আদেশ পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় আসামিরা কারাগার থেকে মুক্তি পান। এর আগে মামলার অন্যতম আসামি যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম লিমনসহ তাঁদের সহযোগীরা জামিনে বেরিয়ে আসেন। সর্বশেষ জামিন পেলেন লিমন, ওসমান গণি, জাহেদ, আমিন মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল চন্দ্র দাশ, নাজমুল হাসান, পিয়াস কুমার, মোহাম্মদ হুসাইন, টিপু, আমজাদ হোসেন, তারেক আজিজ, হুসাইন রুবেল, রিটন চৌধুরী, শাহ আলম, জাবেদ হোসেন ও জয়নাল আবেদীন। এঁরা সবাই যুবলীগের নেতা বাবরের অনুসারী হিসেবে পরিচিত। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, আলোচিত মামলার আসামিরা জামিনে মুক্তি পেলে পুলিশের কিছুই করার নেই। রেলওয়ের সিআরবিতে নগর আওয়ামী লীগের দুই নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের মধ্যে কোটি টাকার টেন্ডার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে গত ২৪ জুন। এতে নিহত হন সাজু পালিত (২৮) ও আট বছরের শিশু আরমান। এ ঘটনায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। বাবর, লিমনসহ ৫৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ডে নিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

৪ আগস্ট জামিনে মুক্তি পান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম লিমনসহ চারজন। এরপর ১৬ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান বাবরসহ ১২ জন। গতকাল জামিন পান ১৬ আসামি।