৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আরও ১৬০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল রোববার বিকেলে এ সুপারিশ করা হয়।
এ নিয়ে মোট ৫৫৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হলো। এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৯৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের ফল প্রকাশের পর ৩০ আগস্টই আমরা সব মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শূন্য পদের তালিকা চাই। এখন পর্যন্ত মোট ৫৫৮ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হলো। প্রথম শ্রেণির আরও ১১২টি পদের চাহিদা আছে আমাদের কাছে। আরও যদি কোনো চাহিদা আসে ৩১ মে পর্যন্ত আমরা দেখব। এরপর আমরা দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করব।’ গতকাল সুপারিশ করা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ পাচ্ছেন সাব-রেজিস্ট্রার পদে। এই সংখ্যা ৪২ জন। এ ছাড়া ২১ জনকে সমাজকল্যাণ কর্মকর্তা, ১৯ জনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। অন্যদের জনপ্রশাসন, তথ্যসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ করা হয়।
গত বছরের ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয় এবং পদস্বল্পতার কারণে ৩ হাজার ৩৫৯ জনকে নন-ক্যাডারের জন্য রাখা হয়। গত বছরের নভেম্বরে তাঁদের নন-ক্যাডারে নিয়োগের জন্য প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়। ২ হাজার ৬২৬ জন এতে আবেদন করেন।