আরও ১৭টি মামলার অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারিতে আরও ১৭টি মামলার অভিযোগপত্রের (চার্জশিট) চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে গতকাল রোববার দুদক এসব মামলার অভিযোগপত্র অনুমোদন করে।
তবে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ায় তিনটি অভিযোগপত্রে মামলা নিষ্পত্তির আবেদন জানানো হবে৷
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখা থেকে হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় মোট ২৭টি মামলা করে দুদক৷ এর মধ্যে গত মাসে ১০টি মামলার অভিযোগপত্র দুদক আদালতে দাখিল করেছে।
দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান গতকাল অভিযোগপত্রগুলো চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, চূড়ান্ত অনুমোদন দেওয়া এসব অভিযোগপত্র এখন আদালতে পাঠানো হবে৷ এর মধ্যে তিনটি মামলা নিষ্পত্তির জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে৷
দুদকের সূত্র জানায়, গতকাল যে ১৭টি অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে, সেগুলোও কয়েক দিনের মধ্যে আদালতে পেশ করা হবে৷ এই ১৭টির মধ্যে টি অ্যান্ড ব্রাদার্স নিট কম্পোজিট নামক কোম্পানি ও এর সহযোগী তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে ১৪টি অভিযোগপত্র। এসব মামলায় মোট ৩৯৪ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। সহযোগী তিন প্রতিষ্ঠান হলো এক্সপার টেক লিমিটেড, এলএনএস এক্সেসরিজ লিমিটেড ও ড্রেসমি ফ্যাশন লিমিটেড।
গতকাল অনুমোদন করা বাকি তিনটি অভিযোগপত্র হলো নকশী নিট কম্পোজিট ও এর সহযোগী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে৷ তবে দুদক সূত্র জানায়, এসব মামলার তদন্ত চলাকালে নকশী নিট কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা থেকে ঋণের নামে আত্মসাৎ করা ১৩ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকা ফেরত দিয়েছে। এ কারণে এ তিনটি মামলা নিষ্পত্তির জন্য অভিযোগপত্রে অনুরোধ জানানো হবে।
জানা গেছে, হল-মার্কের বিরুদ্ধে ফান্ডেড ঋণ (প্রকৃত ঋণ) এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০টি মামলা করে দুদক।
তবে ফান্ডেড ও নন-ফান্ডেড (এলসি পর্যায়ে থাকা ঋণ) মিলিয়ে তিন হাজার ৪৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে হল-মার্কসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। নন-ফান্ডেড টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান এখনো শুরু হয়নি বলে দুদক সূত্র জানিয়েছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা মামলাগুলোর তদন্ত করে৷
ওই কেলেঙ্কারির ঘটনায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে৷