রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১৬৬টি দণ্ডবিধির ও সাতটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা।গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২২তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সুপারিশ করা মামলাগুলোর মধ্যে বিএনপির নেতা-কর্মীদের কোনো মামলা নেই।বৈঠক শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৪৪৮টি মামলা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য দণ্ডবিধির ৪৩৭টি মামলার সুপারিশ উত্থাপন করা হয়। তবে সেগুলোর মধ্যে ১৬৬টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। আরও পর্যবেক্ষণের জন্য ২৩৬টি মামলা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী সভায় উপস্থাপনের জন্য ৩৫টি মামলা রাখা হয়েছে।এ ছাড়া বৈঠকে দুদকের ১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বাকি চারটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য রাখা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর গত ২১ মাসে বিএনপির নেতা-কর্মীদের নামে রাজনৈতিক হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। এ ধরনের মামলার একটি নজিরও বিরোধী দল দেখাতে পারবে না। অথচ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার হয়রানিমূলক মামলা করা হয়েছে।শামসুল হক বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভারসাম্য সৃষ্টির জন্য দুই দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই মামলা করা হয়। ওই সময় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলাগুলো ঠিক ছিল।বিভিন্ন সরকারের সময় করা মামলাগুলোকে হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে এসব প্রত্যাহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করব, ভবিষ্যতে যেন আর কোনো সরকার এ ধরনের হয়রানিমূলক মামলা না করে।’ হয়রানিমূলক মামলা করা বা গ্রহণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের মাধ্যমে তাঁদের প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা হয়রানির শিকার নেতা-কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি।’হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন মামলা প্রত্যাহারের সুপারিশ করছে মাত্র। আদালত বা দুদককে এসব মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করছে না। সরকারের এই সুপারিশের ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে।রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি এ পর্যন্ত নয় হাজার ৩৯৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর মধ্যে দণ্ডবিধির ছয় হাজার ১০৭টি এবং দুদকের করা ২৮৭টি মামলা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে।