আরও ১৭৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২১তম বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকালের বৈঠকে মোট ৭১৩টি মামলা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য দণ্ডবিধির ৬৮০টি মামলার সুপারিশ উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৭১টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। আর পূর্ণাঙ্গ তথ্য না থাকায় কমিটি ১৪৭টি মামলা নাকচ করে দেয় এবং আরও পর্যবেক্ষণের জন্য ৩৬২টি মামলা ফিরিয়ে দেওয়া হয়।বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩০টি মামলা প্রত্যাহারের সুপারিশ-সংক্রান্ত নথি উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। ২১টি মামলা প্রত্যাহারের সুপারিশ নাকচ করা হয় এবং আরও দুটি মামলা পর্যবেক্ষণের জন্য ফেরত পাঠানো হয়। গতকালের বৈঠকে যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, তার মধ্যে আছেন সরকারদলীয় সাংসদ ও সাবেক বিমানমন্ত্রী মোশাররফ হোসেন এবং সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন। তবে বৈঠকে বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়।