আরও ১৮ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাটে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার ঘটনায় আরও ১৮ জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। চট্টগ্রামের বিচারিক হাকিম শর্মিষ্ঠা রায় গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন। ফটিকছড়ির ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার বিকেলে ও দিবাগত রাতে এই ১৮ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এদের মধ্যে ১২ জনকে নগরের বিভিন্ন এলাকা থেকে এবং বাকি ছয়জনকে নগরের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিন দফায় ৭২ জনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদের অনেকেই ১১ এপ্রিলের তাণ্ডবে জড়িত বলে পুলিশ জানায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রিমান্ড মঞ্জুর হওয়া আসামিদের আমরা পর্যাক্রমে জিজ্ঞাসাবাদ করব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নগর ও জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’ ১১ এপ্রিল দুপুরে ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে সশস্ত্র হামলা চালানো হলে তিনজন নিহত এবং আরও শতাধিক আহত হয়। সাত-আটটি মসজিদের মাইক থেকে উসকানিমূলক ঘোষণা দিয়ে এ হামলা চালানো হয়। জামায়াত-শিবির পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও তদন্ত সূত্রে জানা গেছে। এতে ১৫০টি মোটরসাইকেল, পাঁচটি জিপ ও চান্দের গাড়ি, তিনটি প্রাইভেটকার, একটি নোয়াহ মাইক্রোবাস ও ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।