বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের আরও ১৮টি কম্পার্টমেন্টকে (এলাকা) অভয়ারণ্য ঘোষণা করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বন বিভাগ।
বর্তমানে সুন্দরবনের আটটি কম্পার্টমেন্ট অভয়ারণ্য। নতুন প্রস্তাব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের অর্ধেক এলাকা অভয়ারণ্যে পরিণত হবে। দুই মাস আগে পাঠানো প্রস্তাবটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
পরিবেশবিদ ও সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, এটি শুভ উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, বিভিন্ন প্রজাতির ডলফিনসহ বন্য প্রাণী অবাধে বিচরণ করতে পারবে। এগুলোর বংশবিস্তার হবে। তবে সংরক্ষিত বনাঞ্চলে বনজীবীদের জীবিকার বিকল্প বিষয়টি নিয়ে ভাবতে তাঁরা বন বিভাগকে পরামর্শ দিয়েছেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতে অবস্থিত সমগ্র সুন্দরবনকে ব্রিটিশ আমলে ৭৫টি কম্পার্টমেন্টে ভাগ করা হয়। বাংলাদেশ অংশে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনে ১ থেকে ৫৫ নম্বর পর্যন্ত কম্পার্টমেন্ট রয়েছে। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের ইউনেসকো এ ম্যানগ্রোভ বনের ৫, ৬, ৭, ৪৩, ৪৪, ৫৩, ৫৪ ও ৫৫ নম্বর—এই আটটি কম্পার্টমেন্টকে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ অভয়ারণ্য নাম দিয়ে বিশ্বের ৫২২তম হেরিটেজ সাইট (বিশ্ব ঐতিহ্য এলাকা) ঘোষণা করে। এ ছাড়া ‘বিলুপ্তপ্রায়’ তালিকায় থাকা ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন রক্ষায় ২০১২ সালে পূর্ব সুন্দরবন বিভাগের তিনটি এলাকার নদ-নদীকে ‘ডলফিন অভয়ারণ্য’ ঘোষণা করে বন বিভাগ। একইভাবে সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ১৮টি নদ-নদী ও খালে মাছসহ সব ধরনের জলজ প্রাণী আহরণ নিষিদ্ধ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, অভয়ারণ্যের জল-স্থলের সব ধরনের সম্পদ আহরণ নিষিদ্ধ। বন বিভাগের অনুমতি নিয়ে একমাত্র ইকো ট্যুরিস্ট এসব এলাকায় প্রবেশ করতে পারবে। এভাবে সুন্দরবনের এসব অভয়ারণ্যে বন্য প্রাণীর অবাধ বিচরণ, বংশবিস্তার ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করা বন বিভাগের জন্য সহজ হবে।
সুন্দরবন নিয়ে কাজ করা পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু অভয়ারণ্য ঘোষণার মধ্য দিয়ে বন বিভাগের কাজ শেষ না। এ পদক্ষেপকে সফল করতে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। বিদ্যমান তিনটি অভয়ারণ্য সুরক্ষায় বন বিভাগের আগের ভূমিকা খুব একটা সন্তোষজনক নয়। সম্প্রতি পূর্ব অভয়ারণ্য এলাকায় ইউনেসকোর একটি দল জেলেদের মাছ ধরতে দেখে। ঘটনাটি দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ব্যাপারে বন বিভাগের গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা সন্তোষজনক ছিল না। নতুনভাবে আরও বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণার পাশাপাশি এর সুরক্ষা নিশ্চিত করতে বন প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে।
ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রস্তাবনাটি নিঃসন্দেহে প্রশংসার। আমরা বরাবরই দাবি করে এসেছি।’