আরও ১৯ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসের পর উদ্ধার তৎপরতার দ্বিতীয় দিনে গতকাল বুধবার রাঙামাটিতে আরও ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বান্দরবান ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ৩ জনের লাশ। এদিকে মঙ্গলবার রাতে পাহাড় ধসে গতকাল কক্সবাজারের টেকনাফে ২ জন, খাগড়াছড়িতে ১ জন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১ জন মারা গেছে। এ নিয়ে গত সোমবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০।
নিকট অতীতে পাহাড়ধসে মৃত্যুর এটিই সবচেয়ে বড় ঘটনা। এর আগের ঘটনাটিও জুন মাসে ঘটেছিল। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ১২৭ জন নিহত হয়েছিল।
রাঙামাটি শহরে পাহাড়ধসের ঘটনায় গতকাল আরও ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর গত মঙ্গলবার রাতে নিশ্চিত করেছিল জেলা প্রশাসন। গতকাল তাদের লাশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে গতকাল পর্যন্ত রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে ১০৫ জনের লাশ। তাদের মধ্যে চারজন সেনাবাহিনীর সদস্য।
গতকাল রাঙামাটি সদরের ভেদভেদি এলাকা থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। তারা হচ্ছে আজিজা আক্তার (৫), মো. মুন্না (১৫), সুস্মিতা চাকমা (৫), কুলপ্রদি চাকমা (২২), মো. আলমগীর (২৬), কুন্তিসোনা চাকমা (৩৬) ও তাঁর মেয়ে সান্ত্বনা চাকমা (৯)। জুড়াছড়ি থেকে উদ্ধার করা হয় হ্যাপি তঞ্চঙ্গ্যা (৭), সতীশচন্দ্র চাকমার (৩৮) লাশ। যুব উন্নয়ন এলাকা থেকে উদ্ধার করা হয় মা ও দুই মেয়ের লাশ।
সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান। সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার তৎপরতা শুরু হয়। রাঙামাটিতে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল রাত সাড়ে আটটায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, তাঁদের হিসাবে আরও পাঁচজন নিখোঁজ আছে। বৃহস্পতিবার নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর থেকে রাঙামাটি শহরসহ উপজেলাগুলোতে অর্ধশতাধিক স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চার শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। গৃহহীন এসব মানুষের জন্য নয়টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। সেখানে জরুরি ভিত্তিতে খাবার সরবরাহ করা হচ্ছে।
পাহাড়ধসে বিপর্যস্ত এলাকাগুলো পরিদর্শন করতে গতকাল সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে রাঙামাটিতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ভেদভেদি, শিমুলতলী ও টিভি স্টেশন এলাকা পরিদর্শন করেন। রাঙামাটি সার্কিট হাউসের হলরুমে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাঙামাটিতে প্রকৃতি মহা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। এ ঘটনায় রাঙামাটি শহরের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন মাহবুব উল আলম হানিফ, অসিম কুমার উকিল, সুজিত নন্দী রায় প্রমুখ।
এদিকে বান্দরবানে পাহাড়ধসে নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল দুপুরে শহরতলির লেমুঝিরি আগাপাড়া এলাকায় কামরুন্নেসা বেগম (৪৫) ও তাঁর মেয়ে সুখিয়া বেগমের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের বান্দরবানের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, লেমুঝিরি আগাপাড়া এলাকায় সেনাবাহিনী, স্থানীয় লোকজনসহ তাঁরা মাটি সরিয়ে লাশ দুটি উদ্ধার করেছেন। গত সোমবার ভোররাতে পাহাড়ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ হয়েছিলেন মা-মেয়ে।
গতকাল বান্দরবানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি বান্দরবান শহর প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ধসে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে নগদ সহায়তা বিতরণ করেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত মঙ্গলবার রাত আটটা পর্যন্ত পাহাড় ধসে মৃত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। ওই দিন রাত ১২টায় উপজেলার ইসলামপুরের মগাছড়ি এলাকায় মো. সুমন (১৭) নামের এক কিশোরের মাটিচাপা লাশ উদ্ধার করা হয় বলে জানান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে পাহাড়ধসে খাগড়াছড়ির বর্মাছড়ি ইউনিয়নের দুর্গম গাদঙ্গ্যছড়া এলাকায় পরিমল চাকমা (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইকবাল বলেন, পরিমল চাকমা পাহাড়ের পাদদেশ থেকে গরু আনতে গিয়েছিলেন। সেখানে পাহাড় ধসে তিনি মারা যান।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাহাড়ের মাটি ও গাছচাপায় মোহাম্মদ সেলিম (৪০) ও তাঁর মেয়ে কিসুমণি (৩) নিহত হয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।