আরও ১৯ সাংসদ প্লট পাচ্ছেন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে আরও ১৯ জন সাংসদকে প্লট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। আজ বুধবার সংসদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
গাজী ম ম আমজাদ হোসেনের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, এর আগে পূর্বাচল নতুন প্রকল্প এবং সম্প্রসারিত উত্তরা তৃতীয় প্রকল্পে ২৫৭ জন সাংসদকে প্লট দেওয়া হয়েছে। বর্তমানে ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৯ জন সাংসদের অনুকূলে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের সাংসদ সাবিনা আক্তার বলেন, ‘আমরা কেন বঞ্চিত? আমাদের কেন প্লট দেওয়া হচ্ছে না? কবে আপনি জোর গলায় আমাদের প্লট দেওয়ার ঘোষণা দেবেন? আমরা আপনাকে ফুলের মালা দেব।’
এ সময় সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘মাননীয় মন্ত্রী, এটা হাউসের সেন্টিমেন্ট।’
জবাবে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘চীনে অনেক জায়গা আছে। কিন্তু তারা জমি নষ্ট না করে ত্রিশ-চল্লিশ তলা ভবন করে ফ্ল্যাটে থাকে। কিন্তু আমাদের এখানে সবাই জমি চায়। এ জন্য একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা আছে। দুই থেকে আড়াই হাজার একর জমি অধিগ্রহণের চেষ্টা করছি। অধিগ্রহণ শেষে সেখানে নতুন সাংসদদের অগ্রাধিকার ভিত্তিতে বিধি মোতাবেক বরাদ্দ দেওয়া হবে।’
সুস্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়ায় এ সময় সাংসদেরা হইচই করে ওঠেন। তখন মন্ত্রী বলেন, সহসা প্রকল্প গ্রহণ করা হবে।
নুরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদের সদস্যদের যাঁদের ঢাকায় বসবাসের জন্য নিজস্ব জায়গা নেই, তাঁদের বর্তমানে প্লট বরাদ্দের সিদ্ধান্ত নাই। পরবর্তী সময়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজউক কোনো প্রকল্প গ্রহণ করলে সে ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্যে প্লট বরাদ্দের বিষয়টি বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।
পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভূমি উন্নয়ন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করে পূর্ণাঙ্গ শহর হিসেবে ২০১৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়নমূলক কাজ প্রায় ৬০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পে প্রায় ২৫ হাজার প্লটের মধ্যে প্রায় ১৩ হাজার প্লট বরাদ্দ গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে ইমারত নির্মাণের জন্য নকশা অনুমোদন, ডেসকো কর্তৃক বিদ্যুতায়ন এবং পানি ও পয়োনিষ্কাশনের কাজ চলছে।