কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার আরও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরা হলো শেম্ভু সরকারের মেয়ে রুপালী সরকার (১০) ও অনু দেবনাথের ছেলে জীবন দেবনাথ (৬)।এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত মা-মেয়েসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হলো। তবে এখনো নিখোঁজ আছে লালমোহন সূত্রধরের মেয়ে লাকী রানী (৭)।উপজেলা প্রশাসন সূত্র জানায়, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া গ্রামে গত সোমবার দুপুরে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এরপর জাল দিয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে। গতকাল সকালে আবারও উদ্ধারকাজ শুরু হয়। সকাল ১১টার দিকে জীবন দেবনাথের মৃতদেহ পাওয়া যায়। বিকেলে ভেসে ওঠে রুপালী সরকারের মৃতদেহ।অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হচ্ছে।