আরও ২০ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনে পৃথক তিনটি ঘটনায় শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য সাত কোটি ৬০ লাখ টাকা। এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, গতকাল বুধবার সকাল নয়টার দিকে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকায় ফেরেন সোহেল আহমেদ। তাঁর গতিবিধি দেখে সন্দেহ করেন কর্মকর্তারা। এরপর মালামাল ও তাঁর শরীরে তল্লাশি করে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। সোহেল আহমেদ তাঁর ব্যাগে খাবারের কৌটার ভেতরে বারগুলো লুকিয়ে রাখেন। উদ্ধার হওয়া সোনার ওজন দুই কেজি ৮০০ গ্রাম। এর মূল্য সোয়া কোটি টাকা।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাতে হংকং থেকে বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় এসে পৌঁছায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বিমানের শৌচাগারের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি সোনা আটক করা হয়। বিমানের ডিসি-১০ উড়োজাহাজের ৩ ও ৬ নম্বর শৌচাগারের ভেতর থেকে এই সোনা উদ্ধার করা হয়। ৩ নম্বর শৌচাগারে কালো কাপড়ে মোড়নো দুটি প্যাকেট ছিল। ৬ নম্বর শৌচাগারে কালো কাপড়ে মোড়ানো আরও একটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো থেকে মোট ১৪৬টি সোনার বার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য ছয় কোটি টাকা।
এর আগে মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামের এক ব্যক্তির কাছ থেকে ছয়টি বার ও ৪৭টি হার্ডডিস্ক আটক করা হয়।