
মানবতার বন্ধন কত দৃঢ় হতে পারে তা দেখিয়ে দিয়েছেন শাহজাহান সেলিম (৩৫)। সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। রানা প্লাজায় ভয়াবহ ভবনধসের পর তিনি ছুটে যান সেখানে। কেউ তাঁর স্বজন নন। তার পরও টানা চার দিন ধরে উদ্ধারকাজে অংশ নিয়ে ৩৭ জন জীবিত ও ২৮ জন মৃত মানুষের লাশ উদ্ধারে অংশ নেন তিনি।
উদ্ধারকাজের একপর্যায়ে একটি লাশ তিন তলা থেকে চারতলায় নেওয়ার সময় পা ফসকে নিচে পড়ে যান তিনি। এতে তাঁর কোমর ভেঙে যায়, বাম পায়ের হাড় সরে যায়। ছয় মাস চিকিত্সা শেষে তিনি কিছুটা সুস্থ হলেও কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
রানা প্লাজার ভবনধসে শাহজাহানের মতো এমন কয়েকজন উদ্ধারকর্মী, আহত ব্যক্তি ও নিহতদের স্বজনসহ মোট ২০ জনের প্রত্যেককে আজ সোমবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে এক লাখ করে মোট ২০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এ নিয়ে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে মোট ১০০ জনকে এ সহায়তা দেওয়া হলো।
সকালে প্রথম আলোর কার্যালয়ে এ চেক তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন বিভাগের ব্যবস্থাপক জেসমিন জামান।
সাজ্জাদ শরিফ দুর্গতদের উদ্দেশে বলেন, অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আপনাদের টিকে থাকা প্রমাণ করেছে, আপনাদের মনে অনেক শক্তি আছে। উদ্ধারকর্মীদের তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা যা করেছেন, তার জন্য সারা দেশের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ।
জেসমিন জামান বলেন, ‘আমরা আপনাদের পাশে এসে হাত বাড়িয়ে দিয়েছি, যাতে সেই হাত ধরে আপনাদের দাঁড়ানো সহজ হয়।’
সহায়তা পাওয়ার পর উদ্ধারকর্মী শাহজাহান বলেন, ‘আমি ঠিকমতো চলতে পারি না, কাজ করতে পারি না। আমার এক ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। এই টাকা তার বড় হওয়ার সম্বল হিসেবে কাজ করবে।’
সহায়তা নিতে এসে লক্ষ্মীপুরের শারমিন আক্তার (২৪) জানান, স্বামী ইসমাইল হোসেন রানা প্লাজায় কাজ করতেন। ভবনধসের পরদিন তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই সময় তিনি সন্তানসম্ভবা ছিলেন। সন্তান দেখার জন্য তাঁর স্বামী লক্ষ্মীপুরে আসতে চেয়েছিলেন। আসলেন ঠিকই, তবে লাশ হয়ে। স্বামী মারা যাওয়ার আট দিন পর তাঁর ছেলেশিশু জন্ম নেয়। শারমিন জানান, প্রথম আলো ট্রাস্ট থেকে পাওয়া সহায়তা তহবিল দিয়ে শিশুকে বড় করে তুলতে সহায়তা করবেন।
তাসলিমা আক্তার (১৩) ও মোহাম্মদ আলী (১৬) দুই ভাইবোন। বাবাকে হারিয়েছে আগেই। মা রমিজা বেগম কাজ করতেন রানা প্লাজায়। দুর্ঘটনায় মা মারা গেলে তারা দিশেহারা হয়ে পড়ে। দুজনই সাভারের চাঁপাই নিউ মডেল হাইস্কুলে পড়ে। সহায়তা চেক পাওয়ার পর মোহাম্মদ আলী বলে, ‘এই টাকা দিয়ে আমার বোনকে চিকিত্সক বানাব।’
উদ্ধারকর্মী ফুয়াদ আলী বলেন, ‘সহায়তার আশায় মানুষের পাশে দাঁড়াইনি। তার পরও যে সহায়তা দেওয়া হলো তাতে সম্মানিত বোধ করছি।’