প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা বিজি প্রেসের কম্পোজিটর মোস্তফার ভায়রা শফিউর রহমানের একটি ব্যাংক হিসাব থেকে গতকাল বৃহস্পতিবার আরও ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে দুই দফায় তাঁর ব্যাংক হিসাব থেকে এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে শুধু শফিউরের ব্যাংক হিসাব থেকেই এক কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হলো। পুলিশ জানায়, গ্রেপ্তার করা শফিউরকে জিজ্ঞাসাবাদে তিনি একটি বেসরকারি ব্যাংকের হিসাব নম্বরে আরও ২০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, ওই টাকা তাঁর ভায়রা মোস্তাফা তাঁকে রাখতে দিয়েছিলেন। তাঁর নামে আর কোনো ব্যাংক হিসাব আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে। সূত্র জানায়, রংপুর জেলা পুলিশ এ ঘটনায় জড়িত নেপথ্যের পুরো চক্রটিকেও শনাক্ত করেছে। এ চক্রের ছয়জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও পাঁচজনের গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে। তাঁদের চারজন বিজি প্রেস ও পিএসসির চাকুরে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ছাড়া বিজি প্রেস থেকে প্রশ্নপত্র বাইরে আনার কাজে জড়িত মূল ব্যক্তি বলে চিহ্নিত কম্পোজিটর শহিদুল ইসলাম ও আতিকুল ইসলামকে পুলিশ খুঁজছে। রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর এই তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, বর্তমানে দুই আসামি শফিউর রহমান ও অধ্যক্ষ মাহফুজুর রহমান রিমান্ডে আছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। মাহফুজ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদুল্লাহ কাওসার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষার্থীসহ ১৭৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের দুজন রিমান্ডে আছেন। বাকি ১৭১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।