ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপেন ইয়ার্ড থেকে ভারতীয় ২১টি ট্রাকে করে গতকাল শনিবার আরও ৪০০ টন গেলভানাইজ স্টিলশিট ত্রিপুরায় গেছে।এটি পরীক্ষামূলক ট্রানজিটের দ্বিতীয় চালানের অংশ। এই অংশের আরও প্রায় ৪৬৬ টন শিট আখাউড়া স্থলবন্দর ইয়ার্ডে আছে। এগুলোও দু-এক দিনের মধ্যে ত্রিপুরায় যাবে।অপর দিকে আশুগঞ্জ নৌবন্দর থেকে নিয়মিত ট্রানজিটের পণ্য নিয়ে বাংলাদেশি পাঁচটি ট্রাক পৌঁছেছে আখাউড়া স্থলবন্দরে। ওই ট্রাকগুলোতে ৯০ টন কাঁচা লোহা রয়েছে।আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক ট্রানজিটের পণ্য ভারতের পশ্চিমবঙ্গ থেকে নৌপথে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দরে আসে। সেখান থেকে সড়কপথে বাংলাদেশি ট্রাকে করে আনা হয় আখাউড়া স্থলবন্দর ওপেন ইয়ার্ডে। ভারতীয় ট্রাক বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ওপেন ইয়ার্ডে প্রবেশ করে ওই মালামাল বোঝাই করে। আর এখান থেকে ভারতের ত্রিপুরায় নিয়ে যায়।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলক ট্রানজিটের প্রথম চালান থেকে প্রবেশ ও অবস্থান ফি বাবদ প্রায় ২০ হাজার টাকা আদায় হয়েছে। দ্বিতীয় চালানেও এ রকমই অর্থ পাওয়া যাবে।