আরও ২১১টি গাড়ি কেনা হচ্ছে উপজেলা চেয়ারম্যানদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার খরচ ১০ লাখ টাকা করে বেড়ে গেল। উপজেলা চেয়ারম্যানদের জন্য ২৬০টি গাড়ি এরই মধ্যে কেনা হয়েছে। এবার কেনা হচ্ছে আরও ২১১টি। আগের তুলনায় এতে সরকারের মোট ব্যয় বাড়বে ২১ কোটি ১০ লাখ টাকা।এক বছর আগেও যে গাড়ি ৩২ লাখ ৫০ হাজার টাকা করে কেনা হয়েছে, একই মানের গাড়ি এখন কিনতে যাচ্ছে ৪১ লাখ ৫০ হাজার টাকা করে। নিবন্ধন ব্যয় ৮০ হাজার টাকাসহ সব মিলিয়ে এক লাখ টাকা ব্যয় আরও বাড়বে। অর্থাৎ প্রথম দিকের গাড়ির তুলনায় গাড়ি প্রতি মোট বৃদ্ধি ১০ লাখ টাকা করে।গতকাল সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপজেলা চেয়ারম্যানদের জন্য গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, শুল্কের পরিমাণ বেড়ে যাওয়ায় গাড়ি কেনার ব্যয়ও বেড়ে গেছে।সূত্র জানায়, মন্ত্রিসভা কমিটির বৈঠকে গত বছর উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪৭১টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ধাপে এরই মধ্যে ২৬০টি গাড়ি কেনা হয়েছে।নুরুল করিম সাংবাদিকদের জানান, সব গাড়িই তৈরি করে দিচ্ছে স্থানীয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিবন্ধন বাদে একেকটি গাড়ি কিনতে ব্যয় হবে ৪১ লাখ ৫০ হাজার টাকা। নিবন্ধনে খরচ হবে ৮০ হাজার টাকা করে। ২১১টি গাড়ির জন্য মোট ব্যয় ৮৭ কোটি ৫৫ লাখ টাকা।সূত্র জানায়, ক্রয় কমিটিতে ঢাকা-চট্টগ্রাম চার লেনবিশিষ্ট সড়কপথের নতুন পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরামর্শক হলো জয়েন্ট ভেঞ্চার অব কনসালটিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড এবং ডেভেলপমেন্ট কনসালট্যান্ট লিমিটেড। এতে ব্যয় হবে ২৩ কোটি ৮৮ লাখ টাকা।মবিল-যমুনার শেয়ারের অনুমোদন: এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আলাদা একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মবিল-যমুনা লুব্রিকেন্ট বাংলাদেশের ৪০ কোটি টাকার শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ছাড়ার প্রস্তাব অনুমোদিত হয়।এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, মবিল-যমুনার শেয়ারসংখ্যা হবে চার কোটি; অভিহিত মূল্য ১০ টাকা; আর ১৪০ টাকা করে প্রিমিয়াম। বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে ছাড়া হবে প্রতিটি শেয়ার ১৫০ টাকা করে।’