পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলায় আরও ২৩ জওয়ানকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার বিকেলে সিআইডি তাঁদের ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে হাজির করে প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।নতুন করে যে ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁরা হলেন নায়েক সুবেদার তালুকদার কাওসার আলী, ইসলাম উদ্দিন, ইউনুস আলী, রফিকুল ইসলাম, নায়েক শাহী আকতার, ল্যান্স নায়েক মোয়াজ্জেম, মাহাতাব উদ্দিন, মজিবুর রহমান, রেজাউল করিম, আনোয়ার হোসেন, হাসমত জামান, এমদাদুল হক, সেলিম মিয়া, নজরুল ইসলাম, হাবিলদার বেলায়েত হোসেন, দাউদ আলী, সিপাহি জসিম উদ্দিন, মামুন মিয়া, খলিলুর রহমান, জসিম উদ্দিন (২), সালাউদ্দিন, পাচক রফিকুল ইসলাম ও মজিবুর রহমান।সূত্র জানায়, ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দুটি মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক। আদালত একই সঙ্গে ৩ মার্চ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলেরও আদেশ দেন। অধিকতর তদন্তকালে এই ২৩ জনকেই প্রথম গ্রেপ্তার দেখানো হলো। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, অস্ত্র লুটপাটসহ বিভিন্ন অপরাধে এই আসামিদের জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যায়। বিদ্রোহের বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যা, অস্ত্র লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে জওয়ানদের পরিচয় বেরিয়ে আসায় রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।সিআইডি পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৩ জুলাই হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ ২৪টি ধারায় ডিএডি তৌহিদ, হাবিব, লতিফ ও জলিল এবং বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু, আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।একই ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৮০১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এ মামলায় পিন্টু ও তোরাব আলীকে আসামি করা হয়নি।