আরও ২৪ মামলার রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভর্তি হওয়াসংক্রান্ত আরও ২৪ মামলার রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসেছে। এক বছরের ব্যবধানে এ নিয়ে ৪৪টি মামলায় জিতেছে বিশ্ববিদালয় কর্তৃপক্ষ।গত ১০ জুন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে ২৪টি মামলার রায় দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী নাঈম আহমেদ ও সাইফুর রশীদ মামলা পরিচালনা করেন। সাইফুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, এসব শিক্ষার্থী অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুসন্ধানে তাঁরা ভুয়া শিক্ষার্থী হিসেবে শনাক্ত হন। এর বিরুদ্ধে তাঁরা আদালতের শরণাপন্ন হন। ১০ জুন আদালত শুনানি শেষে পৃথক এসব মামলার রুল (ডিসচার্জ) খারিজ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন সূত্রে জানা যায়, ২০০৬ সালে লোকপ্রশাসন বিভাগে ১১ ভুয়া শিক্ষার্থী ধরা পড়েন। ওই ঘটনার পর ওই বছরের ১৯ অক্টোবর সিন্ডিকেট তৎকালীন উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারকে প্রধান করে ১১ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে। এ কমিটিতে সবকটি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যকে সম্পৃক্ত করা হয়। ওই কমিটি ভুয়া শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে তদন্ত চালিয়ে ২৩২ জনের ছাত্রত্ব বাতিল করে। পরে সিন্ডিকেট আরও ১০ জনের ছাত্রত্ব বাতিল করেছে।বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা দপ্তরের প্রধান সহকারী মো. লস্কার আলী বলেন, ভর্তি বাতিল করা ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৭৭ জন আদালতে ৬৬টি মামলা করেন। এর মধ্যে ২০১১ সালে ২০টি মামলার রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আসে। এ সংক্রান্ত আরও ২২টি মামলা প্রক্রিয়াধীন। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তাঁর বিশ্বাস, যেসব মামলা প্রক্রিয়াধীন সেগুলো রায়ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে আসবে।