ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও বিভিন্ন শ্রেণিকক্ষ একের পর এক দখল হলেও উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ ধরনের বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে।
গত ২৩ আগস্ট প্রথম আলো রাজধানীর ২৮টি বিদ্যালয়ের জমি ও বিভিন্ন শ্রেণিকক্ষ দখল হওয়ার চিত্র তুলে ধরে। এই প্রতিবেদনের পর মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় হালনাগাদ প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। তাতে আগেরগুলোর পাশাপাশি আরও ২৫টি বিদ্যালয়ের জমি ও বিভিন্ন শ্রেণিকক্ষ বেদখলের চিত্র বেরিয়ে এসেছে। এ নিয়ে ঢাকা নগরে জমি দখল হওয়া মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এখন ৫৩টি। জাতীয়করণ হওয়া ৪৭টিসহ বর্তমানে ঢাকা মহানগরে ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও কার্যকর ব্যবস্থা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় বা অধিদপ্তর চুপ থাকায় দখলদারেরা তাদের দিকে চোখ রাঙায়।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চলায় হুট করে কিছু করা যাচ্ছে না। তবে জমি উদ্ধারে তাঁরা আইনি পদক্ষেপসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।
হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী মিরপুরের ১১ নম্বরের বি ব্লকে অবস্থিত আ. মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ দশমিক ৪৯ শতাংশ জমির মধ্যে প্রায় ২০ শতাংশ স্থানীয় অবাঙালিরা দখল করে বসবাস করছে। সরেজমিনে দেখা যায়, আশপাশে বস্তির মতো অসংখ্য ঘর। জায়গার অভাবে বিদ্যালয়ের নিচতলায় শিক্ষার্থীরা খেলাধুলা করে। প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম দখল হওয়া জায়গা দেখিয়ে বলেন, মূল রাস্তার জন্য জায়গাটুকু ছাড়লেও কিছুটা উপকার হতো।
মিরপুরের ১২ নম্বরের শহীদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের বাঁ পাশেই ওয়াসার পাম্প। প্রধান শিক্ষক পিয়ারা বেগম বলেন, এলাকার পানির সমস্যা মেটাতে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তেই প্রায় ৫ শতাংশ জায়গায় পাম্প বসানো হয়েছে।
মিরপুরের খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পূর্ব পাশে বস্তি। প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল আলী জানান, বিদ্যালয়ের ৬০ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশে বস্তি গড়ে বসবাস চলছে।
মিরপুরের মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। অথচ বিদ্যালয়ে খেলার জায়গা নেই।
আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত তালতলা অফিসার্স কোয়ার্টার কলোনি কল্যাণ সমিতির কার্যালয়ের একাংশ বিদ্যালয়ের জায়গায় পড়েছে।
আরমানিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯১৪ সালে। প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী পুরোনো নথি দেখে জানালেন, ১৯৭৩ সালে বিদ্যালয়ের ৫ দশমিক ৬ শতাংশ জমি দখল করে নিজের নামে নামজারি করে নেন তৎকালীন প্রধান শিক্ষক জেবুননেছা। পরে ২০০৩ সালে ওই জায়গায় ছয়তলা ভবন নির্মাণ করেন তিনি। আরমানিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পাশে লাগোয়া ভবনে বাণিজ্যিক এবং আবাসিক কার্যক্রম চলছে।
গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহছানুল হক জানান, স্থানীয় বাসিন্দা আবু তালেব সিকদার বিদ্যালয়ের নামে জমি দান করেন। পরবর্তী সময়ে আজিজিয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় একটি অংশের জায়গা দখল করে ভবন নির্মাণ করে। একই ভবনে বড় ব্যানার টাঙিয়ে মিউজিক একাডেমি অব বাংলাদেশ নামের একটি সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করা আছে। হাইস্কুলের ভবনে ২০১১ সালে প্রতিষ্ঠিত কোর্ট ক্যাম্পাস ল কলেজ নামে আরেকটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দখলে থাকা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে মাতুয়াইল পশ্চিমপাড়া, মুরাদপুর, ধার্মিক পাড়া, মহাখালী আ. হামিদ দর্জি, রমনা রেলওয়ে, কাচকুড়া, দক্ষিণখান, চালাবন্দ, মোহাম্মদপুরের বরাবো, শান্তিবাগ কো-অপারেটিভ, সূত্রাপুরের ইসলামিয়া ইউপি, মুসলিম, তেজগাঁওয়ের বিকে আফতাব, মিরপুরের বনফুল, সূত্রাপুরের ঢালকানগর বালিকা এবং দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি প্রাথমিক বিদ্যালয় আনসার বাহিনী ও একটি ক্লাব দখল করলেও পরে কিছুদিন আগে ছেড়ে দিয়েছে।