আরও ২৬ আসামি বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা, লাশ গুম, লুটপাট, অগ্নিসংযোগ, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়ের করা দুটি মামলায় ২৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি। গতকাল সোমবার বেলা সাড়ে চারটায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। আজ মঙ্গলবার অধিকতর তদন্ত প্রতিবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, অধিকতর তদন্তে ২৬ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সম্পূরক অভিযোগপত্রে এ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।বিডিআর সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত আসামিদের বিডিআরের নিজস্ব আইনে বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে ইউনিট পর্যায়ে অনেক নতুন নতুন অপরাধীর নাম বেরিয়ে আসে। বিডিআরের নিজস্ব আইনে তাঁদের বিচার সম্ভব না হওয়ায় জওয়ানদের একটি তালিকা সিআইডিকে দেওয়া হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত ৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ ২৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালত একই সঙ্গে ২৮ মার্চ এ মামলা দুটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির দিনও ধার্য করেন।সিআইডি কর্মকর্তারা জানান, গতকাল যে ২৬ জওয়ানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন: ডিএডি নুরুল হুদা; নায়েক সুবেদার তালুকদার কাওসার আলী, ইসলাম উদ্দিন, ইউনুস আলী ও রফিকুল ইসলাম; নায়েক শাহি আকতার; ল্যান্সনায়েক মোয়াজ্জেম, মাহাতাব উদ্দিন, মজিবুর রহমান, রেজাউল করিম, আনোয়ার হোসেন, হাসমত জামান, এমদাদুল হক, সেলিম মিয়া ও নজরুল ইসলাম; হাবিলদার বেলায়েত হোসেন ও দাউদ আলী; সিপাহি জসিম উদ্দিন, মামুন মিয়া, খলিলুর রহমান, জসিম উদ্দিন (২), আবুল কালাম আজাদ ও সালাউদ্দিন; পাচক রফিকুল ইসলাম ও মজিবুর রহমান এবং ঝাড়ুদার মাজেদ সরদার।সিআইডি সূত্র জানায়, মামলার অধিকতর তদন্তকালে ৮০ জন জওয়ানের তালিকা করা হয়। সিআইডি প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ২৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পায়। সম্পূরক অভিযোগপত্রে ৫১ জনকে সাক্ষী করা হয়েছে।