আসামি নম্বর ১৬৯, নায়েক সুবেদার মনোরঞ্জন সরকার। তিনি বিডিআরে বিদ্রোহের সময় কর্মকর্তাদের লাশ গুম করার কাজে অংশ নেন। এসব করতে গিয়ে তিনি আহতও হন। কর্মকর্তারা নিহত হওয়ার পর আসামি ঝাড়ুদার আবদুল মাজেদ দরবার হলের রক্তের দাগ ধুয়ে ফেলেন। এ পর্যায়ে বিচারক জানতে চান, ঝাড়ুদারের কাজই তো পরিষ্কার করা, তিনি খুনের আসামি হলেন কী করে? জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তিনি খুনের সঙ্গে জড়িত ছিলেন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।গতকাল মঙ্গলবার বিশেষ আদালতে এভাবে এই দুজনসহ পিলখানায় হত্যা ও লুণ্ঠন মামলার আরও ২৬০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনায় রাষ্ট্রপক্ষ। এর আগে প্রথম দিনে ৮০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। এ মামলার মোট আসামি ৮৫০ জন।গতকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগেই এ মামলার সব আসামিকে বিভিন্ন কারাগার থেকে কড়া পাহারায় আদালতে আনা হয়। সকাল থেকে অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। মহানগর দায়রা জজ জহুরুল হক এজলাসে এসেই অভিযোগ গঠনের কার্যক্রম শুরু করেন। গতকালও রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। মাঝেমধ্যে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী তাঁদের মক্কেলদের ব্যাপারে জানতে চান। বিচারকও মাঝেমধ্যে প্রশ্ন করেন।শুনানিতে মোশাররফ হোসেন বলেন, নায়েক সুবেদার আবুল খায়ের বিদ্রোহের দিন সেনা কর্মকর্তাদের লাশ গুম করতে সহায়তা করেন। তিনি গণকবরের কাজ দেখাশোনা করেন। জেসিও ইউসুফ আলী বিডিআরের মহাপরিচালকের মৃতদেহ গাড়িতে তুলে মর্গের দিকে নিয়ে যান। সিপাহি নজরুল ইসলাম গণকবর দেন। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সদর রাইফেল ব্যাটালিয়নের গাড়িচালক আলী হোসেন কর্মকর্তাদের মৃতদেহ গাড়িতে করে নিয়ে যান। সুবেদার আবদুল কাইয়ুম কর্নেল এনায়েত ও কর্নেল মুজিবুল হককে গুলি করেন। ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি ঘটনা স্বীকার করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, নায়েক সুবেদার হুমায়ুন কবির সেনা কর্মকর্তাদের লাশ পোড়ানোর পরিকল্পনা করেছিলেন। তিনি এ জন্য স্পিরিট চেয়েছিলেন। সিপাহি আমজাদ হোসেন বিদ্রোহের সময় অসংখ্য গুলি করেন। ২৪ রাইফেলের সিপাহি আবদুর রহমান কর্মকর্তাদের বাসভবন থেকে চার লাখ টাকা লুট করেন। এ টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। বিডিআর সদস্যের স্ত্রী লুনা আক্তারকে তাঁর স্বামী বিডিআর কর্মকর্তা মেজর জায়েদীর কাছ থেকে লুট করা মুঠোফোন দেন। পরে পুলিশ লুনার কাছ থেকে ফোনটি উদ্ধার করে। ৩৬ রাইফেলের সদস্য আখতার হোসেনের স্ত্রী রহিমা বেগমের কাছ থেকে বিডিআরের নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও লে. কর্নেল বদরুলের মুঠোফোন উদ্ধার করা হয়।মোশাররফ হোসেন বেলা দুইটা পর্যন্ত অভিযোগ পড়ে শোনান। মাঝে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর পৌনে ১২টায় ১৫ মিনিট বিরতি দেন আদালত। পরে আদালতের কার্যক্রম আগামী ৯ মে সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।বিডিআরে বিদ্রোহের ঘটনায় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে করা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।