আরও ২৮০ জন পেলেন কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টে​র উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিরিংগেরবাড়ি এলাকায় গতকাল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টে​র উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিরিংগেরবাড়ি এলাকায় গতকাল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় l প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত বুধ, বৃহস্পতি ও গতকাল শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম, যশোর শহর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২৮০ জন শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাটগ্রাম (লালমনিরহাট): প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা ব্যাংকের সহযোগিতায় গতকাল সকালে ও রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি, রহমতপুর, রহমানপুর, গাটিয়ারভিটা, দুর্গারবাড়ি, সোবাবাড়ি, বাঁশবাড়ি, মেলারবাড়ি গ্রাম; কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি, কুচলিবাড়ি; বুড়িমারী ইউনিয়নের বামনদল, পৌরসভার জুম্মাপাড়া, ঝাকুয়াটারিসহ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০ এতিম শিক্ষার্থীসহ ১০০ শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আবুল কাশেম, পাটগ্রাম বন্ধুসভার সভাপতি অজিত রঞ্জন রায়, সদস্য খলিলুর রহমান, তাহেরুল ইসলাম, স্কুলশিক্ষক জুনায়েদ হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার দিনে ও রাতে পাটগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব-মেধাবী ৩৫ শিক্ষার্থীসহ উপজেলার সোহাসপুর, ভান্ডারদহ, ঝাকুয়াটারী, কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি, দৌলতপুর গ্রামসহ সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ১০০ শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
এ সময় পাটগ্রাম বন্ধুসভার অজিত রঞ্জন রায়, সদস্য জুবায়ের হাসান, তাহেরুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর: বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগিতায় বুধবার বিকেলে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় ৩০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। যশোর বন্ধুসভার সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় যশোর আল-হেরা ডিগ্রি কলেজের অর্থনীতির শিক্ষক মকলেছুর রহমান, আইনজীবী সুবীর কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা আফজল হোসেন, বন্ধুসভার সভাপতি বাকি রানি কাপুড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: বুধবার দুপুরে সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের ঝিলিক ইউনিয়নের দক্ষিণ শহর সাঁওতালপল্লি ও আশপাশের শীতার্ত মানুষকে ৫০টি কম্বল দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা ব্যাংকের সহযোগিতায় কম্বল বিতরণে সহযোগিতা করেন সাঁওতালপল্লির মাঝি হারাম (মোড়ল) বাঘ বাই হেমন্ত, রজনী মুরমু ও বন্ধুসভার সাঈদ মাবুদ, আলী উপাদান নুর, সোনা খাতুন শশী, আঞ্জুমান আরা, নয়ন আহাদ প্রমুখ। এ সময় কম্বল পেয়ে ৮৩ বছর বয়সী লক্ষ্মী টুডু বলেন, ‘তোরা ঠিক দিনেই অ্যাসাছিস। হিম ঠান্ডায় কাঁপছিনু। খুব ভালো হইলোরে বেটা। ভগবান তোদের ভালো করবে।’
সিরাজগঞ্জে ৮০ শিশু পেল শীতবস্ত্র: প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা, ধানগড়া গুচ্ছগ্রাম ও ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের ৮০ শিশুর হাতে গরম কাপড় তুলে দেওয়া হয়। বিতরণকাজে অংশ নেন ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, মাধাইনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুরেশ চন্দ্র কেরকেটা প্রমুখ।