তীব্র শীতে দেশের বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাজশাহীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতজনিত নানা রোগে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। গত কয়েক দিনে আরও ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম বলেন, তীব্র শীতের কারণে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে।এদিকে শীতার্তদের জন্য সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের তুলনায় বরাদ্দের পরিমাণ অনেক কম। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিরা জানাচ্ছেন:আদমদীঘি (বগুড়া): শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত বুধবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গ্রামে চারজন মারা গেছেন। তাঁরা হলেন: সুদিন গ্রামের জয়নাব বিবি (৬৫), মণ্ডবপুর গ্রামের রহিমা বিবি (১১০), শালগ্রামের কাজী মুসলিমুল হক (৭০) ও পাহালোয়ানপাড়া গ্রামের আহম্মদ আলী পাহালোয়ান (৫২)।আমতলী (বরগুনা): বৃহস্পতিবার রাতে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়ার এক মাস বয়সী শিশু আরাফাত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। গত তিন দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ২২টি শিশু আমতলী হাসপাতালে চিকিৎসাধীন। বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন ‘এখন পর্যন্ত সরকারিভাবে মাত্র ৪২০টি কম্বল বরাদ্দ পেয়েছি। এই কম্বল গোপনে বিলি করতে হয়েছে।’ধুনট: বগুড়ার ধুনটে শীতে চন্ডিচন্দ্র ভৌমিক নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি পৌর এলাকার দাসপাড়া গ্রামে।পৌর কাউন্সিলর আল আমিন তরফদার জানান, গতকাল সকালে চন্ডিচন্দ্র ভৌমিক ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।কুড়িগ্রাম: কুড়িগ্রামে শীতজনিত রোগে আরও সাতজনের মৃত্যুর খবর মিলেছে। এ নিয়ে জেলায় শীতজনিত রোগে ৩০ জনের মৃত্যু হলো। স্থানীয় সূত্রগুলো জানায়, শীতজনিত রোগে গত বৃহস্পতিবার ও গতকাল নাগেশ্বরী উপজেলার মমিনগঞ্জের আঞ্জুয়ারা বেগম (৪০), ভিতরবন্দের বাবর আলী (৭২), সদরের অর্জুনডারা গ্রামের খয়বর আলী (৬৫), পূর্ব কল্যাণ গ্রামের নূরুল হক (৯০), পাঁচগাছি ছত্রপুর গ্রামের রাশেদুল (২৫), উলিপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের আজগর আলী (৭০), সাক্ষর ঢেঁকিয়া রামগ্রামের ফুলবাবু মারা গেছেন।মাগুরা: মাগুরার সিভিল সার্জন মো. শফিকুল আলম বলেন, হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে শিশু রোগী ভর্তি হচ্ছে বেশি।পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনই ইউনিয়নে গত দুই দিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তাঁরা হলেন: মনিগছ গ্রামের জমিলা (৭০), প্রধানপাড়া গ্রামের ইসমাইল হক (৮০) ও ফকিরপাড়া গ্রামের শামসুল হক (৬৫)।তীরনই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন বলেন, গত এক সপ্তাহে শীতজনিত রোগে এ ইউনিয়নে সাত-আটজন মারা গেছে। তিনি বলেন, তাঁর ইউনিয়নে এ মুহূর্তে এক হাজার শীতার্ত মানুষের জন্য কম্বলের দরকার। অথচ সরকারিভাবে মাত্র ২৩টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান বলেন, সরকারিভাবে বরাদ্দ করা শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় কম।রাজশাহী: গতকাল রাজশাহীতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।রাজশাহী মহানগর, পবা ও তানোরে গত ছয় দিনে ঠান্ডাজনিত রোগে ছয়জন মারা গেছেন। তাঁদের মধ্যে নগরে এক বৃদ্ধা ও এক শিশু, পবায় একজন, তানোরে এক শিশু এবং দুজন বৃদ্ধা মারা গেছেন।গত বুধবার রাতে রাজশাহীর পবা উপজেলার দারুশা বিলে বিজয় মেলার যাত্রাপালায় খালি গায়ে অভিনয় করার পর ভোররাতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন তাইজুল ইসলাম নামে এক ব্যক্তি। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর ভোরে তিনি মারা যান।রাজশাহী জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে এক হাজার কম্বল, ২০০টি শীতবস্ত্র ও ২০০টি চাদর বরাদ্দের একটি চিঠি গত বৃহস্পতিবার তাঁরা পেয়েছেন। তিনি বলেন, জেলার ২৪ লাখ মানুষের মধ্যে ১৫ শতাংশ হতদরিদ্র। তাদের জন্য এই বরাদ্দ খুবই সামান্য। এ জন্য তাঁরা আরও ২০ হাজার কম্বলের চাহিদা পাঠিয়েছেন। সৈয়দপুর: গতকাল নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে শহরের নয়াবাজার মহল্লার একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় রাজু (৫০) নামের এক ভবঘুরের লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি তীব্র ঠান্ডায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।সাতক্ষীরা: তীব্র শীতে উপজেলার মাছিহারা গ্রামের চিত্তরঞ্জন চৌধুরী (৭৫) গতকাল মারা গেছেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে শীতজনিত রোগে পাটকেলঘাটা পশ্চিমপাড়া এলাকার সখিনা খাতুন (৬৫), আছিনতলা গ্রামের আছিয়া খাতুন (৫০) ও জুজখোলা গ্রামের ময়না বিবি (৮০) মারা যান।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তারাকান্দি গ্রামে শীতজনিত কারণে গতকাল সুজা ভূঁইয়া (৮০) মারা গেছেন।তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা গ্রামে গতকাল মোমেনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মারা গেছেন।