আরও ৩ আসামির আত্মপক্ষ সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা হাফেজ মাওলানা ইয়াহিয়াসহ তিনজন আসামি আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তাঁরা আদালতে ন্যায়বিচার দাবি করেন।

অপর দুই আসামি হলেন রতন ওরফে উজ্জ্বল ও আবু বকর।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল মঙ্গলবার এই তিনজনের বক্তব্য গ্রহণ করেন। আজ বুধবার বাকি আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য আছে।

এ নিয়ে কারাগারে আটক ২৩ জন ও জামিনে থাকা ৮ জন আসামির মধ্যে গতকাল পর্যন্ত ১৯ জন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করলেন।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।