যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে কেন্দ্রের অপর আট কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিন কিশোর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আট কিশোরকে গ্রেপ্তারের আবেদন জানালে গতকাল রোববার সন্ধ্যায় যশোরের দ্বিতীয় সিনিয়র জুডিশিয়াল আদালত আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার আট কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রেই রাখা হয়েছে।
এদিকে গ্রেপ্তার পাঁচজন কর্মকর্তার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত আরও তিন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর শাহানুর আলম। এর আগে প্রথম দিনেই কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ সাময়িক বরখাস্ত হন। আজ সোমবার বরখাস্তের চিঠি সমাজসেবা অধিদপ্তরের যশোর কার্যালয়ে পৌঁছেছে। এ ছাড়া জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের আওতাধীন সোশ্যাল সাইকো কাউন্সিলর পদে কর্মরত মুশফিকুর রহমানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাঁদের পাঁচজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত শনিবার থেকে তাঁরা রিমান্ডে আছেন। তাঁদের মধ্যে তিনজনের রিমান্ড আজ সোমবার শেষ হয়েছে এবং অপর দুই শীর্ষ কর্মকর্তার রিমান্ড বুধবার শেষ হবে।
জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, গ্রেপ্তার পাঁচ কর্মকর্তার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরজন সোশ্যাল সাইকো কাউন্সেলর পদে কর্মকর্তা মুশফিকুর রহমান ইউনিসেফের অধীনে। তাঁর বিষয়ে ইউনিসেফ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
কিশোর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন,সংশোধনের জন্য কেন্দ্রে থাকা আট কিশোরকে (গ্রেপ্তার) শ্যোন অ্যারেস্টের জন্য গত রোববার আদালতে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ওই আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হবে।
যশোরের পুলের হাটে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রের নিরাপত্তাকর্মী এক আনসার সদস্যকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ১৩ আগস্ট দুপুরে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ওই কিশোরদের পৈশাচিকভাবে পেটানো হয়। এতে ৩ কিশোর নিহত ও অপর ১৫ কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরদের যশোর জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় কেন্দ্রের ৫ কর্মকর্তা ও ৮ কিশোর মিলিয়ে মোট ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হলো।