আরও ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারকে মারধরের ঘটনায় আরও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
দলীয় সূত্র জানায়, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী শুক্রবার রাতে ইউএনওকে মারধরের ঘটনায় করা মামলার আসামি নাছির উদ্দিন, আবু তৈয়ব ও ফারুক আহম্মদকে তাঁর ফেনী শহরের মাস্টারপাড়ার বাসায় আসতে বলেন। সেখানে যাওয়ার পর তিনি ওই তিনজনকে পুলিশে সোপর্দ করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, গ্রেপ্তার ছয়জনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও এইচ এম রাকিব হায়দার শুক্রবারের ঘটনা সম্পর্কে বলেন, আওয়ামী লীগের নেতা খায়রুল বাশার মজুমদারের সঙ্গে তাঁর পরিচয় ছিল না। শুক্রবার সকালে তিনি (ইউএনও) নৌপরিবহনমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ধনিকুন্ডা রাস্তার মাথায় গেলে আওয়ামী লীগের একজন কর্মী এগিয়ে এসে খায়রুল বাশারকে সাংসদ হিসেবে পরিচয় করিয়ে দেন। অথচ ওই এলাকার সাংসদ শিরিন আখতার। তারপরও তিনি খায়রুল বাশারের সঙ্গে করমর্দন করেন। এরপর তিনি নিজের গাড়িতে গিয়ে বসেন।
এ সময় খায়রুল বাশার তাঁকে কটাক্ষ করে কথা বলেন। একপর্যায়ে খায়রুল বাশারের নির্দেশে তাঁর সহযোগীরা গাড়ির দরজা খুলে তাঁকে (ইউএনও) মারধর করেন।
মামলার প্রধান আসামি খায়রুল বাশার মজুমদার গত শুক্রবার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহান বলেন, গতকাল ইউএনওর সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার। তবে তিনি আশঙ্কামুক্ত ও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।