আরও ৩০ কারখানায় ছুটি
ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা ১২ দিনের মতো বিক্ষোভ করেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া শারমিন গ্রুপের তিনটি কারখানা গতকাল খুলে দেওয়া হয়।সর্বশেষ আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের মালিকানাধীন কারখানায় ১০ মে পারুল আক্তার নামের এক শ্রমিক আত্মহত্যা করেন। ওই ঘটনার প্রতিবাদ এবং বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ১২ মে হা-মীম গ্রুপের শ্রমিকসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শ্রমিক বিক্ষোভের কারণে ওই দিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পরে ১৪ মে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। তবে আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের দুই পাশের অনেক কারখানা খোলা ছিল। পরদিন ১৫ মে আশুলিয়ার নরসিংহপুরে বিভিন্ন কারখানার মালিক, পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সব কারখানা খোলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মে আশুলিয়ার সব কারখানা খোলা হয়। এক দিন পর ১৮ মে থেকে আবার বিক্ষোভ শুরু হয়। এরপর কয়েকটি কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করলে শ্রমিক বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।গতকাল শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়ার জামগড় এলাকার ডিজাইনার জিনস নামের পোশাক কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। গতকাল কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে হামলা চালান। এ কারণে আশপাশের এলাকার অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এসব কারখানায় ছুটি দেওয়ার পর শ্রমিকেরা সকাল নয়টার দিকে কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে গতকাল আশুলিয়ায় অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা বিক্ষোভ করলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে।
শ্রমিকেরা জানান, তাঁদের দাবিগুলো বড় কিছু নয়। ওই দাবিগুলো মেনে নিতে মালিকদের কোনো সমস্যা হওয়ারও কথা নয়। এর পরও মালিকেরা দাবি না মেনে কারখানা বন্ধ করে দিচ্ছেন, শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছেন। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করছেন। কখনো কখনো বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে। এসব কারণেই শ্রমিক বিক্ষোভ বন্ধ হচ্ছে না। শ্রমিকেরা অভিযোগ করেন, প্রতিটি কারখানার ঝুট ব্যবসার সঙ্গে সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত। তাঁদের স্বার্থে আঘাত এলে অনেক সময় তাঁরা কৌশলে বহিরাগতদের দিয়ে কারখানায় হামলা চালান। সরকারি দলের সেই ঝুট ব্যবসায়ীদের হামলার দায়ভারও শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে। শ্রমিকদের অভিযোগ সম্পর্কে জানতে কয়েকটি পোশাক কারখানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা স্বীকার করেন, শ্রমিকদের এসব অভিযোগ অনেকাংশেই সত্য। তবে কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।