আরও ৩০টি পরিবারের বাড়িঘর তিস্তায় বিলীন
নীলফামারীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাঙন অব্যাহত আছে। গতকাল সোমবার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে নতুন করে আরও ৩০টি পরিবারের বাড়িঘর তিস্তা নদীর গর্ভে বিলীন হয়েছে। এর আগে ইউনিয়নটিতে ২৮১ পরিবারের ঘরবাড়ি ভাঙনে বিলীন হয়।
ডিমলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি গতকাল বেলা তিনটা পর্যন্ত বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। রোববার ওই পয়েন্টে পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপরে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তিস্তায় পানি বাড়ায় ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি, জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নে তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি গ্রামের ১০ হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গতকাল কিছুটা কমলেও ওই সব এলাকায় এখনো পানি রয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, টাপুরচর, ঝিঞ্জিরপাড়া ও মেহেরটারী গ্রামে প্রায় এক মাস ধরে নদীভাঙন চলছে। চরখড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বালুর বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে গতকাল পর্যন্ত ৩১১টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ওই ইউনিয়নের মধ্য চরখড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের অর্ধাংশ, চারটি ছোট-বড় সেতু ও টেপাখড়িবাড়ি উচ্চবিদ্যালয়ের ৮১ ফুট আধা পাকা ভবন নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকির মুখে আছে জিঞ্জিরপাড়া, বাবুপাড়া ও দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতা বাজার, দুটি কমিউনিটি ক্লিনিক, একটি বিজিবি ক্যাম্প এবং দেড় সহস্রাধিক পরিবারের বাড়িঘর।
টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বালুর বাঁধটি ভেঙে যাওয়ায় আরও ৩০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারিভাবে ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভাঙন অব্যাহত থাকায় অনেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন।
পূর্ব ছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, তিনটি গ্রামের প্রায় এক হাজার পরিবারের বাড়িঘর জলাবদ্ধ রয়েছে।
পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।
ডিমলার উপজেলা ইউএনও রেজাউল করিম বলেন, পানি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে ভাঙন অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।