আরও ৩০টি বিলবোর্ড অপসারণ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের লালদিয়া চর এলাকায় গতকাল অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের লালদিয়া চর এলাকায় গতকাল অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ২৯টি ছোট ও একটি বড় বিলবোর্ড অপসারণ করেছেন। বিলবোর্ড স্থাপনকারী দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরের বিমানবন্দর সড়কের লালদিয়া চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ।
সরেজমিনে দেখা যায়, করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লালদিয়া চর এলাকায় বিমানবন্দর সড়কের বিভাজক থেকে ডিজিটাল কনসেপ্ট-২ নামের একটি প্রতিষ্ঠানের ছয়টি ছোট আকৃতির বিলবোর্ড অপসারণ করেন। অভিযানে দুটি ক্রেন ব্যবহার করা হয়। কিন্তু এসব বিলবোর্ড অপসারণে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে কাগজপত্র উপস্থাপন করেন প্রতিষ্ঠানের মনোনীত আইনজীবী। এসব কাগজপত্র যাচাই-বাছাই করার পর নতুন করে আর কোনো বিলবোর্ড অপসারণ না করে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে প্রায় আধা ঘণ্টা পর বেলা দেড়টার দিকে আবার সেখানে আসেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছুক্ষণ পর সেখানে হাজির হন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক। তাঁদের উপস্থিতিতে বেলা আড়াইটার দিকে আবার বিলবোর্ড অপসারণ শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এ সময় ডিজিটাল কনসেপ্ট-২-এর ২৩টি ছোট ও রিলেশন অ্যাডের একটি বড় বিলবোর্ড অপসারণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করেও জরিমানা করেন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, রাজস্ব বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
গতকালের অভিযানে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, মাহফুজুল হক, আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলমসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।