আরও ৩৩ ছাত্রী অসুস্থ, বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের শিবরামপুর আরডি একাডেমির আরও ৩৩ জন ছাত্রী গতকাল মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। এই অবস্থায় প্রতিষ্ঠানটিতে আজ বুধ ও কাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে দুই দিনে প্রতিষ্ঠানটির ৫৪ জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস জানান, ওই বিদ্যালয়ের ছাত্রীরা ম্যাচ হিস্টোরিয়া (গণমনস্তাত্ত্বিক) রোগে আক্রান্ত। এই রোগ সাধারণত একজনের দেখাদেখি আরেকজনের হয়। তবে আক্রান্ত শিক্ষার্থীরা সবাই আশঙ্কামুক্ত।
বিদ্যালয়ের কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক আবুল বাশার বলেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে অ্যাসেম্বলি শুরু হলে সুমাইয়া আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর সামান্য সময়ের ব্যবধানে আরও ৩২ জন অসুস্থ হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।