
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানা প্লাজা ভবন ধস এবং তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত আরও ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তার চেক ও সঞ্চয়পত্র দিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ দুই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এ সহায়তা দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী প্রথমে রানা প্লাজায় নিহত ২২ জনের প্রতি পরিবারকে ২ থেকে ১০ লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র দেন। এরপর তাজরীনের অগ্নিকাণ্ডে নিহত ১২ জনের প্রতি পরিবারের হাতে সাত লাখ টাকা করে চেক ও সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাঁদের কুশল জিজ্ঞাসা করেন।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, রানা প্লাজা দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত ২২ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৭২০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।