রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৩৪০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এর আগে দুটি মামলা প্রত্যাহারের জন্য করা সুপারিশ বাতিল করা হয়েছে। গতকাল রোববার কমিটির ১৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে চার হাজার ১১৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সভায় যাঁদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, তাঁদের মধ্যে আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সরকারদলীয় সাংসদ আবদুর রহমান ওরফে বদি, সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দণ্ডবিধিতে করা ৬০৪টি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৪৩টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। দণ্ডবিধিতে করা মামলা প্রত্যাহারের আবেদনগুলোর মধ্যে ৩২৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ফেরত দেওয়া হয় ৪৯টি এবং ২৩০টি আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। দুদকের করা মামলাগুলোর মধ্যে ১৫টি প্রত্যাহারের সুপারিশ করা হয়। ১৭টি আবেদন ফেরত পাঠানো হয় এবং বাকিগুলোর আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়।সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে করা মামলা বাতিলের আবেদনও উপস্থাপন করা হয়। তবে এ ব্যাপারে স্থানীয় পর্যায় থেকে সুপারিশ না থাকায় সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। সভায় ঠাকুরগাঁও ও উখিয়ার দুটি মামলা প্রত্যাহারের ব্যাপারে ১২তম বৈঠকে করা সুপারিশ বাতিল করা হয়। এ দুটি সুপারিশ বিতর্কের সৃষ্টি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, খুনের মামলায় কাউকে আসামি দিলেই সে খুনি নয়। কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে মামলা করা হলেই সে রাষ্ট্রদ্রোহী নয়। তিনি বলেন, ‘আমরা চুলচেরা বিশ্লেষণ করে মামলা প্রত্যাহারের সুপারিশ করছি। কিন্তু কমিটি থেকে যে সিদ্ধান্তই দেওয়া হোক, সর্বশেষ সিদ্ধান্ত দেবেন দুদক ও আদালত। সূত্র জানায়, আট হাজার ২৬টি আবেদন কমিটির পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়।