আরও ৪০০ কম্বল পেলেন শীতার্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল জয়পুরহাটের আক্কেলপুরে কম্বল বিতরণ করা হয়। সেই কম্বল গায়ে জড়িয়ে শীতার্তরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল জয়পুরহাটের আক্কেলপুরে কম্বল বিতরণ করা হয়। সেই কম্বল গায়ে জড়িয়ে শীতার্তরা l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার জয়পুরহাটে ২০০ এবং মঙ্গলবার পাবনায় ২০০ কম্বল বিতরণ করা হয়। এই আয়োজনে সহযোগিতা দিচ্ছে সিটিব্যাংক এনএ।
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের শহীদ ছমিরউদ্দিন স্মৃতিপার্কে সকালে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি রবিউল ইসলাম শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গতকাল বেলা ১১টা পর্যন্ত কুয়াশা ছিল। শীতের এই সকালে কম্বল হাতে পেয়ে ঝর্না বালা (৭৫) বলেন, ‘তোমরা মোক বাঁচালেন বাবা। শীতে আতের বেলা (রাতে) মোর নিন (ঘুম) আসে না।’ বৃদ্ধ হাসান আলী, এবারত উদ্দিন ও জরিনা খাতুন জানান, গরম কাপড়ের অভাবে শীতে খুব কষ্টে ছিলেন। কম্বলটা পেয়ে আজ তাঁদের কষ্ট দূর হলো।
পাবনার বেড়া উপজেলার পাইকান্দি চরে মঙ্গলবার ২০০ শীতার্তের হাতে কম্বল তুলে দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। কম্বল পেয়েছেন পাইকান্দিসহ বলুন্দুর, নতিবপুর, কাজি শরিফপুর ও হিজলাকোঠা চরের শীতার্তরা। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পাবনা জেলার উপপরিচালক রামদুলাল ভৌমিক, নবীন সংঘ ক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন ও ইউসুফ আলী মৃধা।

প্রথম আলো ট্রাস্টে এক হাজার কম্বল দিয়েছে কোহিনূর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড। গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই কম্বল হস্তান্তর করা হয়। (বাঁ থেকে) কোহিনূর কেমিক্যালের ব্র্যান্ড নির্বাহী শামস আরিফীন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কোহিনূর কেমিক্যালের ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার ও প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রশিদুর রহমান l বিজ্ঞপ্তি

কম্বল নিতে এসেছিলেন হাজেরা খাতুন (৯০)। ছোট্ট কুঁড়েঘরে খড়ের বিছানায় রাত কাটাতে হয় তাঁকে। শীতে গায়ে দেওয়ার মতো কিছুই ছিল না তাঁর। কম্বল দেওয়ার খবর শুনে কাঁপতে কাঁপতে আসেন তিনি। বন্ধুসভার সদস্যরা তাঁর হাতে একটি কম্বল দেওয়া মাত্রই তা গায়ে জড়িয়ে নেন। হাজেরা খাতুন জানান, চরের খেলা পরিবেশে ঠান্ডা একটু বেশি। তাঁর ঘরের বেড়া ভাঙা। তাই প্রচুর বাতাস ঢোকে। তাই রাতে ঠান্ডায় ঘুমাতে পারতেন না তিনি। আজ তাঁর ঘুমটা ভালো হবে।
কম্বল হাতে পেয়ে বলুন্দুর চরের কোয়াদ বানু বলেন, ‘হগলেই খালি ডাঙ্গা এলাকায় কম্বল দেয়। আমগোরে কষ্ট কেউ বোঝে না। আজথেন মেলা মানুষ শান্তিত ঘোমপারবের পারবেনে।’
এর আগে নাটোর, গাইবান্ধা ও নেত্রকোনায় গত সোমবার সিটিব্যাংক এনএর সহযোগিতায় এবং রাজশাহীর তানোর উপজেলায় রোববার ফ্যাশন হাউস ওটুর সহযোগিতায় ৫৪০টি কম্বল দেওয়া হয়। এ ছাড়া কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটের শীতার্তরাও প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়েছেন। এবারের এই কম্বল বিতরণ কর্মসূচি শুরু হয় ডিসেম্বরের প্রথম দিন থেকে।