আরও ৪০০ কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সদস্যরা গতকাল বুধবার এবং গত মঙ্গলবার লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও পাবনায় ৪০০ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল দিয়েছেন। ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা আদিবাসী পল্লিতে গতকাল দুপুরে ১০০ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় বন্ধুসভার সহসভাপতি রাহিমা খাতুন, যুগ্ম সম্পাদক রেজভী আহসান ও আদিবাসী সমবায় সমিতির সভাপতি উজ্জ্বল কর্মকার ও উপদেষ্টা মাছুম এ জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন।পাটগ্রাম: গত দুদিনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা গ্রামে ২০০ শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমে বন্ধুসভার সভাপতি সফিকুল ইসলাম, সদস্য তাহেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঈশ্বরদী (পাবনা): গতকাল ঈশ্বরদী শহরতলি এলাকায় ১০০ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল দেওয়া হয়েছে। এ সময় ঈশ্বরদী মহিলা কলেজের শিক্ষক স্বপন কুমার কুণ্ডু, ইসমাইল হোসেন, কাজী রকিব উদ্দিন, বন্ধুসভার সভাপতি শহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৭ লাখ ৫০ হাজার ৫৩০ টাকা, চার হাজার ৫৫১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার ও ৮০০টি পুরোনো কাপড়। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিয়েছেন ৪০০টি পুরোনো কাপড়। গতকাল পর্যন্ত সাত হাজার ৫৪০ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। গতকাল রুনা লায়লা ১০ হাজার টাকা, এসিসিএ বাংলাদেশ পাঁচ হাজার টাকা, সাদিয়া জেরিন দুই হাজার ৫০০ টাকা ও লিপি রানী ৫০০ টাকা দিয়েছেন। এ ছাড়া ঢাকা ব্যাংকের হিসাবে (২০৭.২০০.১১১৯৪) একজন সাত হাজার ৫০০ টাকা, দুজন দুই হাজার টাকা করে ও একজন ৬০০ টাকা জমা দিয়েছেন। সহায়তা করতে চাইলে: প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া পাঠাতে পারেন প্রথম অলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল, হিসাব নম্বর; (২০৭.২০০.১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন ০১৯১৪৬০০৭৭০-এ যোগাযোগ করা যেতে পারে।