
নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত বিচারের লক্ষ্যে শিগগির আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম হোসনে আরা লুৎফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ৩১ মার্চ পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন ছিল। তিনি বলেন, পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সলিসিটারের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রতিটি জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বিচারকের শূন্য পদ পূরণ এবং আরও বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এ ছাড়া বিকল্প নিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সরকারি খরচে ৫৭ হাজার ৮৯ জন সহযোগিতা পেয়েছেন। এই অর্থবছরে মোট তহবিলের ৯৮ দশমিক ২১ শতাংশ খরচ হয়েছে।
মাংস উৎপাদন বেড়েছে
নোয়াখালী-৩-এর সাংসদ মামুনুর রশীদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক সংসদে জানান, বর্তমানে দেশের ৪২ শতাংশ গবাদিপশু সংকর জাতে রূপান্তরিত হয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এসবের ফলে দুধ ও মাংস উৎপাদন বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে দেশে জনপ্রতি দৈনিক দুধের প্রাপ্যতা ছিল ৪৩ দশমিক ৩৫ লিটার। ২০১৫-১৬ অর্থ বছরে তা দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৫৯ লিটার। ২০২১ সালে জনপ্রতি দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ লিটার।
২০০৮-০৯ অর্থবছরে মাংসের প্রাপ্যতা ছিল জনপ্রতি দৈনিক ২০ দশমিক ৪৪ গ্রাম। ২০১৫-১৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ২১ গ্রাম। ২০২১ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১০ গ্রাম।
চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী ছায়েদুল হক বলেন, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশে প্রায় ৩ হাজার ৪৪৮ কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে। পাশাপাশি একই সময়ে প্রায় ৩৩৮ কোটি টাকা মূল্যের মাছ আমদানি করা হয়।