রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ১৯তম সভায় এ সুপারিশ করা হয়। এ নিয়ে মোট পাঁচ হাজার ৫৩৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।গতকাল সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সভায় দণ্ডবিধিতে করা ৭৪৯টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে ৪০৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয় এবং ৮৩টি আবেদন ফেরত দেওয়া হয়। বাকি ২৬০টি আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১২টি মামলা প্রত্যাহারের আবেদন সভায় উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে পাঁচটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বাকিগুলো ফেরত পাঠানো হয়েছে। কমিটির সভাপতি কামরুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কমিটির কাছে আরও দেড় হাজারের মতো মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুটি বৈঠকে বসতে হবে। তিনি জানান, গতকাল সুপারিশ করা মামলাগুলোর মধ্যে সংসদের বিরোধী দল কিংবা অন্য কোনো দলের উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মামলা ছিল না। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারি মাসে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়। এ নিয়ে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য মোট আট হাজার ৬৬৬টি মামলা কমিটিতে উপস্থাপন করা হয়।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারে। তবে সিআর বা ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে।