চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি আরও ৪৫ জনের বক্তব্য শুনেছে। নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গতকাল তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন করেন তাঁরা।
এর আগে গত রোববার তদন্ত কমিটির কাছে হামলার শিকার তিন সাংবাদিকসহ মোট ৪০ জন সাক্ষ্য দেন। তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা। অপর দুই সদস্য হচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহমেদ খান ও চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ। গতকাল বিভিন্ন মেয়র প্রার্থীর প্রতিনিধি, কাউন্সিলর প্রার্থী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রে কর্তব্যরত পুলিশের কাছ থেকে নির্বাচনের দিন ঘটনা সম্পর্কে জানতে চায় তদন্ত কমিটি। তদন্ত কমিটির সদস্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব ফরহাদ আহম্মদ খান জানান, দুই দিনে ৮৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
নির্বাচনের দিন আগ্রাবাদ ব্যাপারীপাড়া তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কেন্দ্র ও হালিশহর কেজিএন স্কুলকেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মারার খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন।