আরও ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৪তম বিসিএসে উত্তীর্ণ আরও ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁদের মধ্যে ৪৫০ জনকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে এবং ১০ জনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গতকাল প্রথম আলোকে বলেন, ৩৪তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বা নন-ক্যাডারের প্রথম শ্রেণির পদে সুপারিশ করা যায়নি, এমন আরও ৪৬০ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ৩৪তম বিসিএস থেকে এ নিয়ে দ্বিতীয় শ্রেণিতে ১ হাজার ৫১৭ জনকে নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে ৪০৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
অতীতে আর কোনো বিসিএস থেকে নন-ক্যাডারে এত বিপুল নিয়োগ হয়নি জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, নন-ক্যাডার বিধিমালা হওয়ার পর ২৮তম থেকে ৩৩তম বিসিএস পর্যন্ত ১ হাজার ৯৫২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এবার শুধু ৩৪তম বিসিএস থেকে ১ হাজার ৯২৬ জনকে নিয়োগের সুপারিশ করা হলো।
পিএসসির চেয়ারম্যান বলেন, ‘খুব শিগগির ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আশা করছি আমরা বিসিএসের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পারব।’
পিএসসি সূত্রে জানা গেছে, গতকাল মাধ্যমিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগকৃত ব্যক্তিদের মধ্যে ইংরেজিতে ৯৮ জন, গণিতে ৭৩ জন, জীববিজ্ঞানে ৫০ জন, ভৌতবিজ্ঞানে ৪৯ জন, সামাজিক বিজ্ঞানে ৪৮ জন, ব্যবসায় শিক্ষায় ৪৮ জন, ইসলাম শিক্ষায় ২৫ জন, কৃষি শিক্ষায় ২৪ জন, ভূগোলে ২৩ জন, বাংলায় ১১ জন এবং চারুকলায় ১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিদর্শক হিসেবে ৭ জন, জুনিয়র কেমিস্ট হিসেবে ২ জন ও সহকারী বায়োকেমিস্ট হিসেবে ১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।