আরও ৪৭৯ কম্বল বিতরণ

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের পাঁচটি জেলার শীতার্তদের মধ্যে আরও ৪৭৯টি কম্বল বিতরণ করা হয়েছে। স্থানগুলো হলো ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, লালমনিরহাট ও ঝিনাইদহ। এতে সহায়তা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বেলা ১০টার দিকে এক অনুষ্ঠান করে গতকাল বৃহস্পতিবার ১৫৪ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
ফরিদপুরের প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ, শিশু সংগঠন ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা বি এম আলাউদ্দিন প্রমুখ এসব কম্বল বিতরণ করেন।
চুয়াডাঙ্গায় ৮৫টি কম্বল শহরের সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুলিশ লাইন এলাকা ও মাথাভাঙ্গা নদীর তীরে বসবাসকারী হরিজন সম্প্রদায়ের মধ্যে বিতরণ করা হয়। এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাবুদ সরকার, সাংগঠনিক সম্পাদক রেজভী আহসান ও সদস্য মাহমুদ আল জান্নাত উপস্থিত ছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ দরিদ্র শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ। এর আগে মঙ্গলবার ৪০ জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ নিয়ে দুই দিনে ১০০ কম্বল বিতরণ করা হলো।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গত বুধবার ১০৫ জন অসহায় বয়স্ক নারী-পুরুষ, শ্রমজীবী শিশু, শিক্ষার্থী ও প্রতিবন্ধীকে কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণে সহায়তা করেন বন্ধুসভার রফিক হাসান, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আজিজুর রহমান, সাঈদ মাহমুদ, আলী উজ্জামান, অনামিকা, মাহমুদা, আবদুল বারি, আহসান ও বাশির। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, নঈমুল বারি প্রমুখ।
লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গত বুধবার ৭৫ জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় এ বছর ৩২৫টি কম্বল বিতরণ করা হলো।