আরও ৪৯ জেলের জেল-জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরে ৯ জেলে, রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ ও ভোলায় ২৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ও জরিমানা করেছেন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গত শনিবার রাতে ফরিদপুর সদরের ডিক্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়নের টেপুরাকান্দি, গোলডাঙ্গি, মমিনখাঁর হাট এলাকায় পদ্মা নদীতে এ অভিযান চালান আদালত। অভিযানকালে ৯ জেলেকে আটক ও ৪০০ ফুট দৈর্ঘ্যরে ২০টি কারেন্ট জাল কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এ ছাড়া ১০ কেজি ওজনের কারেন্ট জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): শনিবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত দৌলতদিয়ার পদ্মা নদীতে অভিযান চালান। এ সময় ১৭ জেলেকে আটক করা হয়। গতকাল রোববার দুপুরে তাঁদের মধ্যে ১২ জনকে এক মাস করে ও পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড দেন আদালতের নির্বাহী হাকিম বরুদ্দোজা শুভ।
ভোলা: মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ও জরিমানা করা হয়।