আরও ৫ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় আজ সোমবার আরও পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও দুজনকে জনকে জেরা করা হয়েছে। ২৫ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। 

এদিকে মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, আসামিপক্ষের হুমকি-ধমকির কারণে অন্যতম সাক্ষী আবদুস সালাম আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেননি। সালাম খুনের শিকার কাউন্সিলর নজরুল ইসলামের ছোট ভাই।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন বলেন, আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন সদস্য তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৩ আসামিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। আজ সাক্ষ্য দেন খুনের শিকার মনিরুজ্জামান স্বপন ও তাজুল ইসলামের লাশের সুরতহাল প্রতিবেদনকারী বন্দর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, লাশ বহনকারী কনস্টেবল আবদুল কুদ্দুস, খুনের শিকার আইনজীবী চন্দন সরকারের ভাগনে প্রতীপ কুমার দে, তাজুল ইসলামের চাচা আবু তাহের ও নজরুল ইসলামের শ্যালক সাইদুল ইসলাম।
এ ছাড়া অপর একটি মামলার বাদী নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ও বন্দর থানার এস আই মিজানুর রহমানকে জেরা করেছেন নূর হোসেনসহ অন্য আসামিদের আইনজীবীরা। জেরা শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত জেরা শেষে ২৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, আজ খুব গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হত্যা ও লাশ উদ্ধারসহ নানা তথ্য উঠে এসেছে। তিনি অভিযোগ করেন, নিহত নজরুলের ভাই আবদুস সালামকে হুমকি-ধমকি দেওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
তবে আসামি তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সুলতানুজ্জামান বলেন, ‘আজ সুষ্ঠুভাবে সাক্ষীদের জেরা করা হয়েছে। আসামিপক্ষ যে জড়িত নয়, তা আদালতে উপস্থাপন করতে পেরেছি।’
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের লাশ পাওয়া যায়।