রংপুরে মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলার গতকাল বুধবার আরও ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ নিয়ে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলো। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।
১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এই তিন দিনে প্রতিদিন ৬ জন করে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মামলায় মোট ৫১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে।
গতকাল যাঁদের সাক্ষ্য গ্রহণ হয়েছে তাঁরা হলেন রংপুরের পীরগাছার জামশেদ আলী, মতিয়ার রহমান, আল ইমরান, রংপুর শহরের নুরপুর এলাকার আবদুল আজিজ ও একই এলাকার ব্যাটারিচালিত অটো গ্যারেজের মালিক আবদুল জলিল।
এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, সাক্ষী আবদুল আজিজ সাক্ষ্য দেওয়ার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ৯ জন আসামির মধ্যে ইছাহাক আলী, লিটন মিয়া ও সাখাওয়াত হোসেন এই ৩ জনকে শনাক্ত করে বলেছেন, তাঁরা তাঁর বাসা ভাড়া নিয়ে থাকতেন।
সাক্ষী জলিল কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি ইছাহাক আলী ও লিটন মিয়া এই দুজনকে শনাক্ত করে বলেছেন, তাঁরা চার্জার অটোরিকশা চালাতেন। তাঁর দোকানে এসে প্রতিদিন অটো চার্জ দিতেন।
পিপি আরও জানান, এই মামলায় ১২ জন জঙ্গি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ৩ জন পলাতক রয়েছেন।৯ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়েছে
মামলার বিবরণ ও আদালতের বিশেষ পিপি সূত্র জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরিফের খাদেম রহমত আলী (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় কতিপয় দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে রহমত আলীকে হত্যা করে। এ ঘটনায় নিহত খাদেমের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।