আরও ৫১৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৫১৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ১৭তম সভায় এ সুপারিশ করা হয়। এ নিয়ে মোট চার হাজার ৬৮৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।গতকাল সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সভায় যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, সেগুলোর মধ্যে ঢাকার সাংসদ হাবিবুর রহমান মোল্লার একটি, সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের একটি, হাজী সেলিমের তিনটি, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের একটি, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের একটি ও প্রশিকার কাজী ফারুক আহমেদের একটি মামলা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় দণ্ডবিধিতে করা ৯৫৪টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে ৫০৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ১১৫টি আবেদন ফেরত দেওয়া হয় এবং ৩৩৩টি আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১৯টি মামলা প্রত্যাহারের আবেদন উত্থাপন করা হলে ১০টি প্রত্যাহারের সুপারিশ করা হয়। ছয়টি আবেদন ফেরত পাঠানো হয় এবং বাকি তিনটি আবেদন আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকও উপস্থিত ছিলেন।সভা শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৭তম বৈঠকে তাঁদের কাছে দুদকের ১৯টি মামলাসহ মোট ৯৭৩টি মামলা প্রত্যাহারের আবেদন উত্থাপন করা হয়। তিনি জানান, এ পর্যন্ত দণ্ডবিধির বিভিন্ন ধারার চার হাজার ৪২৯টি ও দুদকের ২৫৮টি মামলা প্রত্যাহারের ব্যাপারে সুপারিশ করা হয়েছে। শিগগির এসব মামলার কার্যক্রম শেষ করা হবে।সূত্র জানায়, কমিটির পর্যালোচনার জন্য নয় হাজার ৫৩২টি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারে। তবে সিআর বা ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের করা মামলা একমাত্র দুদকই প্রত্যাহার করতে পারে। এ কারণে চারদলীয় জোট সরকার ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য দুদকে পাঠানো হচ্ছে।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।