গাইবান্ধায় গতকাল রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরও ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত চার দিনে হাসপাতালে ভর্তি ডায়রিয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯০।
বন্যাদুর্গত গাইবান্ধায় ১০ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম শাহিন জানান, বর্তমানে (রোববার দুপুর পর্যন্ত) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৯ জন। ৪০১ জন চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছে।
গতকাল রোববার দুপুরেও গাইবান্ধা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পুরুষ ওয়ার্ড ও বহির্বিভাগের বারান্দার পাশাপাশি হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে দুটি তাঁবু টানিয়ে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা মাহবুব হোসেন (৫৫) গতকাল বলেন, গত শুক্রবার রাতে তিনি ভর্তি হন। খোলা আকাশের নিচে হলেও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে। একই তাঁবুতে চিকিৎসাধীন স্কুলশিক্ষক মনোয়ারা বেগম (৫২) বলেন, ‘খোলা আকাশের নিচে হলেও চিকিৎসাসেবায় কোনো ত্রুটি দেখছি না।’
ডায়রিয়া পরিস্থিতি মোকাবিলায় ১৪৯ জন চিকিৎসক, সেবিকা ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করছেন। এর মধ্যে রয়েছেন সিভিল সার্জনসহ ২৭ জন চিকিৎসক, ৩৬ জন সেবিকা, ৩০ জন শিক্ষানবিশ চিকিৎসা সহকারী, জেলা রোভার স্কাউটের প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন স্বেচ্ছাসেবক, ব্র্যাকের ৩০ জন, সন্ধানী ডোনার ক্লাবের ১০ জন ও রেড ক্রিসেন্ট সোসাইটির ৬ জন। এ ছাড়া ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখা হাসপাতাল চত্বরে অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করেছে।
গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী প্রথম আলোকে বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি জেলা শহরে মাইকিং করে পানি ফুটিয়ে পান করার পরামর্শসহ স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা জানিয়ে দেওয়া হচ্ছে। একই বার্তার প্রচারপত্র বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে বিলি করা হয়েছে।