আরও ৫৯ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত শনিবার দুপুর থেকে গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডায়রিয়া-আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আক্রান্ত আরও ৫০ জনকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসাপাতালের ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস রোগীদের সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০০ শয্যার হাসপাতালে নিয়মিত রোগী ও ডায়রিয়া রোগী মিলিয়ে প্রায় ৬০০ রোগীকে সামাল দিতে চিকিৎসক ও সেবিকারা হিমশিম খাচ্ছেন।
হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বলেন, আগে ভর্তি হওয়া ২৫ জন রোগী সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন। কলেরার স্যালাইন সংগ্রহ করা হয়েছে। আপাতত স্যালাইন মজুত রয়েছে। স্বাস্থ্য বিভাগের ঢাকা ও খুলনা কার্যালয় সব সময় যোগাযোগ রাখছে।
গতকাল প্রথম আলোয় ‘কুষ্টিয়ায় ডায়রিয়ার প্রকোপ, দুই দিনে ১৪৪ জন হাসপাতালে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।