আরও ৬ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাসাখোলা গ্রামে গতকাল বুধবার অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। নতুন শনাক্ত হওয়া রোগীরা হলেন: হবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাখোলা গ্রামের সাচ্চু মিয়া (৫০), মো. কাশেম (৪৫), রেশমা খাতুন (৩০), মো. বাতেন (৩৮), মো. সবুজ (১৬) ও যমুনা খাতুন (২০)। শনাক্ত হওয়ার পর গতকালই তাঁদের চিকিৎসাসেবার আওতায় আনা হয়। সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নাজিমউদ্দিন খান জানান, গত ২৯ মে হাসাখোলা গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে স্থানীয় লোকজন মাংস ভাগাভাগি করে নেয়। মাংস কাটা ও রান্নার সঙ্গে জড়িত ব্যক্তিরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। গতকাল শনাক্ত হওয়া ছয়জন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকেরা তাঁদের ক্ষতের ধরন দেখে অ্যানথ্রাক্সের বিষয়ে নিশ্চিত হন। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই সুস্থ আছেন। নাজিমউদ্দিন জানান, জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৩ জন শাহজাদপুরের এবং ১৩ জন উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।