আরও ৬ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল শুক্রবার আরও ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন শিশু, তিনজন পুরুষ ও একজন নারী। এই নিয়ে গত চার দিনে ১৪৫ জনের লাশ উদ্ধার করা হলো।এদিকে সোমবার রাতে এমভি শরীয়তপুর-১ লঞ্চটিকে কোন মালবাহী জাহাজ ধাক্কা মেরেছিল, গতকাল পর্যন্ত তা বের করতে পারেনি পুলিশ।গতকালও সারা দিন মেঘনার তীরে স্বজন হারানো ব্যক্তিদের মাতম ছিল। এমনই একজন শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গৈড্যা গ্রামের হাওয়া বেগম। তিনি খুঁজছিলেন স্বামী আজাদ হাওলাদারকে। সঙ্গে ছিলেন মেয়ে আয়েশা। মা-মেয়ের আহাজারিতে মেঘনার তীরে হূদয়বিদারক দৃশ্য দেখা যায়। হাওয়া বেগম বলেন, ‘এই কয়দিন আত্মীয়স্বজনের মাধ্যমে খোঁজ নিছি তাঁর (আজাদ হাওলাদার) লাশ পাওয়া গেছে কি না। না পাইয়া নিজেই চইলা আইছি। কিন্তু আমাগো মা-মাইয়ার পক্ষে কি এত বড় নদীতে খোঁজ করা সম্ভব?’গতকাল সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিনারা গ্রামের ওলিউল ঢালীর ছেলে রিফাত ঢালীর (৮) লাশ মেঘনায় ভেসে ওঠে। দুই দিন আগে তার ছোট ভাই সিফাত ঢালীর লাশ মেঘনা থেকে উদ্ধার হয়। চাচা আবু বক্কর ঢালী বলেন, ‘দুই ভাইকে হারিয়ে পরিবারের সবাই এখন দিশেহারা।’গতকাল উদ্ধার হওয়া ছয় লাশের মধ্যে আরও দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার মো. ফারুক মিয়া (৪৮) ও ভেদরগঞ্জের রফিক (৩৫)। পরিচয়হীন অন্য তিনটি লাশ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্গে বর্তমানে আগের দিনের দুটিসহ মোট পাঁচটি লাশ রয়েছে।গতকাল মর্গ থেকে আরও চারটি লাশ শনাক্ত করে নিয়ে গেছেন স্বজনেরা। নিহত ওই চারজন হলেন ভেদরগঞ্জের ফজলুল হক (৫০), নড়িয়ার বাহের কুশিয়া এলাকার আলী মাঝি (৫০) ও শালদ এলাকার মিরু সৈয়াল (৫০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার সবুজ মিয়া (২০)।দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের স্বজনেরা জানান, অনেক লাশ স্রোতে ভেসে গেছে। তা আশপাশে বা দূর-দূরান্তে ভেসে উঠতে পারে। এসব লাশ উদ্ধারে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কিন্তু আশপাশে গিয়ে লাশ খোঁজার ক্ষেত্রে পুলিশ ও জেলা প্রশাসনকে উদ্যোগী দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহান আরা লিলি প্রথম আলোকে বলেন, গতকাল ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। আজও লাশ উদ্ধার-তৎপরতা অব্যাহত থাকবে। জাহাজটি শনাক্ত হয়নি: এদিকে যে মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে চার দিনেও তা শনাক্ত করতে পারেনি পুলিশ। লঞ্চ দুর্ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দুর্ঘটনাকবলিত লঞ্চযাত্রীদের স্বজনেরা বলেন, জাহাজটি শনাক্ত করতে না পারলে এমন দুর্ঘটনা ঘটতে থাকবে। রাতে মালবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ থাকলেও দুর্ঘটনার পরও চলাচল বন্ধ হয়নি।এ ব্যাপারে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মালবাহী জাহাজটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কেউ গ্রেপ্তারও হয়নি।শোকসভা: লঞ্চ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে নড়িয়ার শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বিকেল চারটার দিকে শোক সভা ও দোয়া মাহফিল হয়। চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন রাঢ়ীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ শওকত আলী। নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এ পর্যন্ত ৮১টি লাশ শরীয়তপুরে এসে পৌঁছেছে। এখনো লোক নিখোঁজ হওয়ার কথা শুনছি। তবে তার পরিসংখ্যান আমাদের কাছে নেই।আমাদের ভোলা অফিস জানায়, গতকাল বেলা দুইটার দিকে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের মহেষখালী লঞ্চঘাটের কাছে তেঁতুলিয়া নদীর চরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা বলেন, ‘প্রাথমিক অবস্থায় লাশ দেখে ধারণা করা হচ্ছে, এটি মুন্সিগঞ্জের লঞ্চ দুর্ঘটনার লাশ। লাশের হাত পানির ওপরে ভাসমান, পকেটে চকলেট, কানে মোবাইলের হেডফোনসহ নানা আলামত পাওয়া গেছে।’