আরও ৬০ জনের জবানবন্দি উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানিতে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার পেপারবুক থেকে আরও ৬০ জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন করেছে।
বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ গতকাল ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
এই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানির জন্য চলতি মাসে বিশেষ বেঞ্চ গঠন করা হয়। ১৮ জানুয়ারি শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে মামলার প্রাথমিক তথ্য বিবরণী তুলে ধরে তা পড়ে শোনায়। ১৯ জানুয়ারি দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ পেপারবুক থেকে অভিযোগপত্র উপস্থাপন শুরু করে। মঙ্গলবার অভিযোগপত্র উপস্থাপন শেষে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। সেই দিন ৩৪ আসামির জবানবন্দি উপস্থাপন করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও মোশাররফ হোসেন সরদার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমিনুল ইসলাম ও শামীম সরদার। পরে জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, পেপারবুক (মামলার বৃন্তান্ত ও রায়সহ বই) থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ৪৯০ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৯৪ জনের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবারও শুনানি হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।