আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শিগগিরই আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এই বিদ্যুৎ দিতে ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে। বর্তমানে ত্রিপুরার পালাটানা থেকে দৈনিক ১০০ মেগাওয়াট পাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার রাতে ত্রিপুরার রাজধানী আগরতলায় রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে। তিনি বলেন, ‘দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বাংলাদেশকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আমরা প্রস্তুত রয়েছি বন্ধু দেশকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য।’

ত্রিপুরার মন্ত্রী জানান, দিল্লির নির্দেশ মেনে বিদ্যুৎ রপ্তানি করলেও রাজ্যের কোনো অসুবিধা হবে না। শিগগিরই রপ্তানির বিষয়ে উভয় দেশের বিদ্যুৎ দপ্তরের কর্তারা আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।